Logo

প্রতিমা বিসর্জনে শেষ উৎসব সিঁদুর খেলায় মেতে উঠেছেন নারীরা

profile picture
জেলা প্রতিনিধি
মৌলভীবাজার
২১ অক্টোবর, ২০২৬, ১৫:৪৮
প্রতিমা বিসর্জনে শেষ উৎসব সিঁদুর খেলায় মেতে উঠেছেন নারীরা
ছবি প্রতিনিধি।

শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে মৌলভীবাজারের বিভিন্ন পূজামণ্ডপে সিঁদুর খেলায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বী নারীরা। বুধবার (২১ অক্টোবর) উৎসবের শেষ দিনে মণ্ডপে সমবেত হয়ে একে অপরের কপাল ও গালে সিঁদুর মাখিয়ে আনন্দ ভাগাভাগি করেন তারা। তবে উৎসবের উচ্ছ্বাসের পাশাপাশি দেবী দুর্গাকে বিদায় জানানোর মুহূর্তে অনেকের চোখেই দেখা যায় অশ্রু।

বিজ্ঞাপন

বিভিন্ন পূজামণ্ডপে দশমীর ধর্মীয় আচার-অনুষ্ঠান শেষ হওয়ার পর শুরু হয় সিঁদুর খেলার আয়োজন। লালপাড় সাদা শাড়িসহ বর্ণিল পোশাকে মণ্ডপ প্রাঙ্গণে উপস্থিত হন নারীরা। ঢাকের বাদ্য, কাঁসার ধ্বনি, শঙ্খনাদ ও উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে চারপাশ। একে অপরকে সিঁদুর পরিয়ে আনন্দ প্রকাশের পাশাপাশি ছবি তোলা ও শুভেচ্ছা বিনিময়েও অংশ নেন অনেকে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

উৎসবের শেষ দিনে পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ পাঁচ দিনের পূজার আনুষ্ঠানিকতা শেষে দেবী দুর্গাকে বিদায় জানানোর সময় আনন্দের সঙ্গে মিশে যায় বিষাদের অনুভূতি। সিঁদুর খেলার মধ্য দিয়ে নারীরা একে অপরের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন।

দর্শনার্থীরা জানান, গত বছরের তুলনায় এ বছর দুর্গাপূজা আরও জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় পূজার আয়োজন সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলেও তারা জানান।

বিজ্ঞাপন

সিঁদুর খেলার আনুষ্ঠানিকতা শেষে নির্ধারিত নদী ও জলাশয়ে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মৌলভীবাজারে পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য, পারস্পরিক সম্প্রীতি ও উৎসবমুখর পরিবেশে বিজয়া দশমী উদযাপনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন ভক্তরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD