পরিবেশ সুরক্ষায় লালমনিরহাটে তাল বীজ বপন কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং বজ্রপাতের ঝুঁকি হ্রাসে জনসচেতনতা তৈরির লক্ষ্যে লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় তাল বীজ বপন কর্মসূচি পরিচালনা করেছে সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘ।
বিজ্ঞাপন
কর্মসূচির আওতায় সদর উপজেলার চর কুলাঘাট বটতলা বাজার এলাকা থেকে চর খাটামারী সীমানা পর্যন্ত এবং চর যতীন্দ্র নারায়ণ থেকে সোনাইকাজী–ফুলবাড়ী সীমানা পর্যন্ত তাল বীজ বপন করা হয়। পরিবেশ সংরক্ষণের পাশাপাশি বৃক্ষরোপণে স্থানীয় বাসিন্দাদের উদ্বুদ্ধ করা এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন টিম লিডার জাহাঙ্গীর আলম, আবুল কাশেম, নুরনবী ইসলাম, আবদুর রহিম, শাহ্ আলম, মুন্না ও সুজনসহ স্থানীয় স্বেচ্ছাসেবীরা। তাঁরা বিভিন্ন এলাকায় তাল বীজ বপনের মাধ্যমে পরিবেশবান্ধব কার্যক্রমে অংশ নেন।
সবুজ সেবা যুব বিজ্ঞান সংঘ দীর্ঘদিন ধরে পরিবেশ ও জলবায়ু সুরক্ষায় বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় তাল বীজ বপনের এ উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে বৃক্ষরোপণের প্রসার ঘটে এবং পরিবেশ সংরক্ষণে মানুষের অংশগ্রহণ বাড়ে।
বিজ্ঞাপন
সংগঠনটির প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা আরও জোরদার হবে। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ, সুন্দর ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার পথ সুগম হবে।








