Logo

১৬ বছর বিনা পারিশ্রমিকে আজান, আবেগঘন আয়োজনে বিদায় মুয়াজ্জিনকে

profile picture
জেলা প্রতিনিধি
ঝালকাঠি
১৪ নভেম্বর, ২০২৬, ১৯:৪৯
১৬ বছর বিনা পারিশ্রমিকে আজান, আবেগঘন আয়োজনে বিদায় মুয়াজ্জিনকে
ছবি: সংগৃহীত

ঝালকাঠি পৌর শহরের পূর্ব চাঁদকাটি বাইতুস সালাম জামে মসজিদে টানা ১৬ বছর বিনা পারিশ্রমিকে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন সৈয়দ আলী। দীর্ঘদিনের এই সেবার স্বীকৃতি হিসেবে তাঁকে আবেগঘন আয়োজনে আনুষ্ঠানিক বিদায় জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিরা।

বিজ্ঞাপন

শুক্রবার (১৪ নভেম্বর) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ইমাম, মুয়াজ্জিন ও মুসল্লিদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে মসজিদ কমিটি ও মুসল্লিদের পক্ষ থেকে সৈয়দ আলীকে বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়। দীর্ঘদিনের দায়িত্ব পালন ও মসজিদের প্রতি তাঁর আন্তরিকতার কথা স্মরণ করে বক্তারা তাঁর অবদানের প্রশংসা করেন।

মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব জানান, সৈয়দ আলী ২০১১ সালে এলজিইডি অধিদপ্তর থেকে অবসরে যাওয়ার পর থেকে এই মসজিদে বিনা পারিশ্রমিকে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন। দীর্ঘ ১৬ বছর ধরে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের পর বার্ধক্যজনিত কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে মসজিদ কমিটির কাছে আবেদন করেন। তাঁর দীর্ঘদিনের অবদান স্মরণীয় করে রাখতে কমিটির পক্ষ থেকে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও জানান, সৈয়দ আলীর স্থলাভিষিক্ত হিসেবে নতুন একজনকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সম্মান ও শ্রদ্ধার নিদর্শন হিসেবে শারীরিকভাবে সুস্থ থাকা সাপেক্ষে তাঁকে আজীবন এ মসজিদে আজান দেওয়ার অনুরোধ জানিয়েছে কমিটি।

বিদায় অনুষ্ঠানে বক্তব্য দেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফারুক মিয়া, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিপ্লব, মিয়া বাড়ির দারুল কায়েম মাদ্রাসার সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আলমগীর হোসেন, মসজিদের জমিদাতা ও কমিটির উপদেষ্টা মো. চান মিয়া, সাবেক উপজেলা শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, আব্দুল মতিন, মসজিদের সাবেক সভাপতি মো. সোবহান মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা মুন্সী এবং মিলন হোসেন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আলোচনা ও উপহার প্রদান শেষে সৈয়দ আলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। দীর্ঘ ১৬ বছরের নিঃস্বার্থ সেবার স্বীকৃতিতে আয়োজিত এই বিদায় অনুষ্ঠান উপস্থিত মুসল্লিদের আবেগাপ্লুত করে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD