Logo

ছেলের জানাজা শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যেই মারা গেলেন মা

profile picture
জেলা প্রতিনিধি
গোপালগঞ্জ
১৪ নভেম্বর, ২০২৬, ২১:১৩
ছেলের জানাজা শেষ হওয়ার এক ঘণ্টার মধ্যেই মারা গেলেন মা
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মাত্র এক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন মা হাসিনা বেগম (৭২)। একই পরিবারের পরপর দুই সদস্যের মৃত্যুতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) দুপুর ১২টা ২০ মিনিটে টেকেরহাট ইউএসএস মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রাঘদী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ইলিয়াস ফকির। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরেই তিনি মারা যান। শনিবার বেলা ১১টার দিকে তার জানাজা সম্পন্ন হয়। ছেলের মৃত্যুর সংবাদ পাওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েন তার মা হাসিনা বেগম। একপর্যায়ে তিনি স্ট্রোক করলে দ্রুত তাকে টেকেরহাট ইউএসএস মডেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুর ১২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। আজ বাদ আসর তার জানাজা সম্পন্ন হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে একই পরিবারের এমন মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুরের বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় একটি সড়ক দুর্ঘটনা ঘটে। প্রথমে একটি প্রাইভেটকার ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের পর একের পর এক বাস, ট্রাক, প্রাইভেটকার ও ইজিবাইকের মধ্যে সংঘর্ষ হয়। এতে মোট ৪টি যাত্রীবাহী বাস, ২টি প্রাইভেটকার, ২টি ট্রাক ও ২টি ইঞ্জিনচালিত ইজিবাইক ক্ষতিগ্রস্ত হয় এবং শতাধিক যাত্রী আহত হন।

দুর্ঘটনার সময় সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম ঢাকা থেকে নিজের নির্বাচনী এলাকায় যাচ্ছিলেন। বরইতলা এলাকায় পৌঁছালে তাঁর গাড়িবহরও দুর্ঘটনার কবলে পড়ে। এতে বহরের দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত থাকেন তিনি। ওই বহরে থাকা বিএনপি নেতা ইলিয়াস ফকির গুরুতর আহত হন। পরে ঢাকায় নেওয়ার পথে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ভয়াবহ এই দুর্ঘটনার পর মহাসড়কটিতে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD