Logo

জমি দখলের অভিযোগে এবার এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
১৪ নভেম্বর, ২০২৬, ২০:২০
জমি দখলের অভিযোগে এবার এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম জ্যোতির বাবা মো. আব্দুল হালিম ওরফে টমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জমি দখলকে কেন্দ্র করে বসতবাড়ি ভাঙচুর, স্বামী-স্ত্রীকে মারধর, মালামাল লুট এবং প্রাণনাশের হুমকির অভিযোগে এ মামলা করেন স্থানীয় বাসিন্দা ইদ্রিস আলী (৬৭)।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন।

এর আগে একই দিন দৌলতপুর থানায় মামলাটি দায়ের করেন ভুক্তভোগী ইদ্রিস আলী। মামলায় আব্দুল হালিম টমকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জনকে আসামি করা হয়েছে।

জমি কেনার পর থেকেই বিরোধের সূত্রপাত

বিজ্ঞাপন

মামলার এজাহার অনুযায়ী, প্রায় পাঁচ বছর আগে আব্দুল হালিম টমের ভাই মাহফুজুর রহমান মনজু মাস্টারের কাছ থেকে সোয়া চার কাঠা জমি দলিলের মাধ্যমে কেনেন ইদ্রিস আলী। জমির দখল বুঝে পাওয়ার পর সেখানে বাড়িঘর নির্মাণ করে স্ত্রীকে নিয়ে বসবাস শুরু করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে অভিযোগ, ওই জমি নিজেদের দখলে নেওয়ার উদ্দেশ্যে আব্দুল হালিম টম বিভিন্ন সময়ে লোকজন নিয়ে ইদ্রিস আলীকে উচ্ছেদের চেষ্টা করেন। একই সঙ্গে তাকে মারধর এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

বিজ্ঞাপন

এজাহারে বলা হয়েছে, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে ইদ্রিস আলী নিজের বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় আব্দুল হালিম টমসহ অজ্ঞাতপরিচয় ৮ থেকে ১০ জন লাঠি, লোহার রড, হাতুড়ি, হাসুয়া, রামদা ও হাতকুড়াল নিয়ে বাড়িতে প্রবেশ করেন।

অভিযোগ অনুযায়ী, আব্দুল হালিম টমের নির্দেশে অন্যরা বসতবাড়িতে ভাঙচুর চালান। এতে ঘরের বেড়া, দরজা, জানালা, টিনের চাল ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাদী।

এ সময় বাধা দিতে গেলে ইদ্রিস আলী ও তার স্ত্রী মিনা খাতুনকে (৫৫) মারধর করা হয়। এতে তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে তারা চিকিৎসা নেন।

বিজ্ঞাপন

এ ছাড়া বাড়ি থেকে তিনটি খাট ও ১০ বান টিন নিয়ে যাওয়ার অভিযোগও করেছেন ইদ্রিস। এসব মালামালের আনুমানিক মূল্য দেড় লাখ টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরিবারসহ হত্যার হুমকির অভিযোগ

ইদ্রিস আলীর অভিযোগ, বাড়ি থেকে চলে যাওয়ার সময় অভিযুক্তরা তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার পাশাপাশি গুম করার হুমকি দেন। ওই জমির আশপাশে তাদের আবার দেখা গেলে মিথ্যা মামলায় হয়রানি করার কথাও বলা হয়।

বিজ্ঞাপন

বাদী আরও জানান, ঘটনার পর স্থানীয়ভাবে বিচার চাইতে গেলে ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর আব্দুল হালিম টম তার বিরুদ্ধে দৌলতপুর থানায় মামলা করেন। ওই মামলায় তাকে কারাগারেও যেতে হয়েছিল।

পরে জামিনে মুক্ত হওয়ার পর তিনি জানতে পারেন, তার কেনা জমিটি আব্দুল হালিম টম নিজের মেয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির প্রভাব ব্যবহার করে দখলে রেখেছেন বলে তার অভিযোগ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জমি নিয়ে আর কোনো প্রতিবাদ করলে অস্ত্র মামলায় জড়িয়ে আবারও কারাগারে পাঠানোর হুমকি দেওয়া হয়েছে বলেও এজাহারে উল্লেখ করেন তিনি। এ ছাড়া আব্দুল হালিম টমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় তাকেসহ পরিবারের সদস্যদের মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা চলছে বলে লোকমারফত জানতে পেরেছেন বলে দাবি করেন ইদ্রিস।

বিজ্ঞাপন

এলাকা ছেড়ে শ্বশুরবাড়িতে আশ্রয়

ইদ্রিস আলী জানান, অভিযুক্তদের ভয়ে বর্তমানে পরিবার নিয়ে নিজ এলাকা ছেড়ে শ্বশুরবাড়ি মশাউড়া গ্রামে আশ্রয় নিয়েছেন। প্রভাবশালী ব্যক্তিদের ভয়ে ঘটনার পরপরই থানা কিংবা আদালতে অভিযোগ জানানোর সাহস পাননি তিনি।

পরবর্তী সময়ে নতুন করে মামলায় জড়ানোর আশঙ্কা তৈরি হলে আত্মীয়স্বজন ও স্থানীয়দের পরামর্শে থানায় মামলা করার সিদ্ধান্ত নেন।

বিজ্ঞাপন

ইদ্রিস আলী বলেন, ‘আমার নিজের কোনো জমি নেই। অন্যের জমিতে বসবাস করি। আমি থানায় বিচারের আশায় মামলা করেছি। আমি সুষ্ঠু বিচার চাই।’

অভিযোগ অস্বীকার আব্দুল হালিমের

এদিকে মামলার বিষয়ে আব্দুল হালিম টম বলেন, তিনি এখনো মামলার বিষয়টি নিশ্চিত নন। তার ভাষ্য, ইদ্রিস আলী এলাকায় থাকেন না এবং স্থানীয়দের সঙ্গে তার বিরোধ রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক রয়েছেন বলেও দাবি করেন আব্দুল হালিম।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, তার ভাইদের সঙ্গে জমি কেনাবেচা নিয়ে একটি ঘটনা রয়েছে। কারও প্ররোচনায় ইদ্রিস আলী থানায় মামলা করে থাকতে পারেন। তবে মামলা দায়েরের বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল হালিমকে আসামি করে দৌলতপুর থানায় মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মহসিন চৌধুরী জানান, তাকে মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এখনো তদন্ত কার্যক্রম শুরু করেননি তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD