Logo

রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু ঘিরে এলাকাজুড়ে আতঙ্ক

profile picture
জেলা প্রতিনিধি
জামালপুর
১৪ নভেম্বর, ২০২৬, ২০:৩৬
রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ বস্তু ঘিরে এলাকাজুড়ে আতঙ্ক
ছবি: সংগৃহীত

জামালপুর শহরের রেলওয়ে ওভারপাসে বোমাসদৃশ একটি বস্তু পড়ে থাকাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তুটি ঘিরে রেখেছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে ওভারপাসের ওপর দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় মাগরিবের নামাজের পর এ ঘটনা ঘটে। উজ্জ্বল নামের এক ব্যক্তি ওভারপাস দিয়ে হেঁটে যাওয়ার সময় সড়কের এক পাশে বস্তুটি পড়ে থাকতে দেখেন।

পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে জানানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আশপাশের এলাকা ঘিরে ফেলে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, পড়ে থাকা বস্তুটির গায়ে লাল রঙের স্কচটেপ প্যাঁচানো ছিল। এর সঙ্গে তারও সংযুক্ত দেখা যায়। বস্তুটির ওপর ‘সাবধান-বিপজ্জনক’ লেখা থাকায় স্থানীয়দের মধ্যে সন্দেহ ও আতঙ্ক আরও বেড়ে যায়।

বিজ্ঞাপন

পরিস্থিতি বিবেচনায় পুলিশ ওভারপাসের ওই অংশে যান চলাচল বন্ধ রেখেছে। পাশাপাশি সম্ভাব্য ঝুঁকি এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সেখানে ফায়ার সার্ভিসের একটি ইউনিটও অবস্থান করছে। পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তবে উদ্ধার করা বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD