নুসরাতের গ্রামের বাড়িতে আগুন, শর্টসার্কিটের আলামত মেলেনি

কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংরক্ষিত আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিদ্যুৎ বিভাগের উদ্ধার করা মিটার, তার ও ফিউজ পরীক্ষা করে এমন তথ্য জানিয়েছে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি। তবে আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের এজিএম মো. তোজাম্মেল হক এ তথ্য জানান।
তিনি বলেন, ১১ নভেম্বর দিবাগত রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরপরই অভিযোগ কেন্দ্র থেকে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে বিদ্যুৎ বিভাগের দুই লাইনম্যান ঘটনাস্থলে গিয়ে বিদ্যুৎ লাইন নিরাপদ করেন। একই সঙ্গে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ির ব্যবহৃত বিদ্যুতের মিটার ও সংযোগের তার উদ্ধার করা হয়।
উদ্ধার করা বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষা করে দেখা গেছে, মিটারের সঙ্গে সংযুক্ত চারটি তারই অক্ষত রয়েছে। আগুনে মিটারের বাইরের প্লাস্টিকের আবরণ পুড়ে গেলেও ভেতরের সার্কিটের কোনো ক্ষতি হয়নি। এ ছাড়া গ্রাহক প্রান্তের মেইন সুইচের কাটআউটে থাকা ফিউজ, ট্রান্সফরমারের ফিউজ এবং সার্ভিস ড্রপ তারেও ক্ষয়ক্ষতি কিংবা বিচ্ছিন্ন হওয়ার চিহ্ন মেলেনি।
বিজ্ঞাপন
তোজাম্মেল হক আরও বলেন, শর্টসার্কিট হলে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহের কারণে ফিউজ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কথা। কিন্তু উদ্ধার করা আলামতে এমন কোনো লক্ষণ পাওয়া যায়নি। এই বিবেচনায় আমরা বলতে পারি এখানে কোনো শর্টসার্কিট-এর ঘটনা ঘটেনি।
এর আগে বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের চতুর্থ দিনে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অগ্নিকাণ্ডের বিষয়ে প্রাথমিক তদন্তের তথ্য তুলে ধরেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি জানান, স্থানীয় ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা এবং ঘটনাস্থলের বিভিন্ন আলামত পর্যালোচনায় পেট্রোল বোমা বিস্ফোরণের মতো কোনো শব্দ বা দেয়ালে পেট্রোল বোমা ব্যবহারের চিহ্ন পাওয়া যায়নি। এমনকি কোনো প্রত্যক্ষদর্শীও এ ধরনের ঘটনার তথ্য দেননি।
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, বাড়িটি পুরোনো হওয়া এবং বৈদ্যুতিক তারের সংযোগ দুর্বল থাকার কারণে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। তবে প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার কথা জানান তিনি।
তিনি আরও বলেন, বাড়িটি পরিত্যক্ত বা কম ব্যবহৃত অবস্থায় ছিল। সেখানে কেয়ারটেকারের জুতা তৈরির কিছু সরঞ্জাম ও কাপড় রাখা ছিল, যা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দুটি ছাগলেরও মৃত্যু হয়েছে। ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশ তদন্ত চালাচ্ছে। নাশকতার প্রমাণ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
অন্যদিকে, শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সংসদ সদস্য নুসরাত তাবাসসুম অগ্নিকাণ্ডের পেছনে আওয়ামী লীগের সম্পৃক্ততার অভিযোগ পুনর্ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
তিনি বলেন, “আমি এখনো মনে করি এই ঘটনাটি আ. লীগের কুকীর্তি। আওয়ামী লীগের পক্ষ থেকে দায় স্বীকারের দাবি, ঘটনাটি নিয়ে উল্লাস প্রকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি প্রচার করার ঘটনাগুলো দেখে আমার বিশ্বাস, এটি তাদেরই কাজ।”
মামলার অগ্রগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে নুসরাত বলেন, আগের দিন থানায় এজাহার জমা দিয়ে মামলা করার সময় একজন আসামির অবস্থান, তাঁর মোবাইল নম্বরসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তাৎক্ষণিকভাবে অতিরিক্ত পুলিশ সুপারকে (ক্রাইম) জানানো হয়েছিল। দ্রুত দৃশ্যমান অগ্রগতি আশা করলেও এখন পর্যন্ত তেমন কোনো ফলাফল পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, কোনো দুর্ঘটনা কিংবা নাশকতার ঘটনা ঘটলে কীভাবে তা ঘটেছে এবং কারা জড়িত, তদন্তে সেসব বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু মূল ঘটনার পরিবর্তে বাড়িটি কাঁচা নাকি পাকা, পরিত্যক্ত কি না, সেখানে কারা বসবাস করতেন কিংবা গরু-ছাগল ছিল কি না—এসব বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। এ ধরনের আলোচনার নিন্দা জানান তিনি।
বিজ্ঞাপন
সংসদে তদন্ত শেষ হওয়ার আগেই সম্ভাব্য কারণ তুলে ধরার বিষয়েও আপত্তি জানান এই সংসদ সদস্য। তাঁর ভাষায়, কোনো ধরনের তদন্ত শেষ হওয়ার আগেই জাতীয় সংসদে দাঁড়িয়ে তদন্তের ফলাফল বলে দেওয়ার মতো আচরণ তিনি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছেন এবং এ ধরনের বক্তব্যের তীব্র বিরোধিতা করছেন।
অগ্নিকাণ্ডের কারণ নিয়ে বিদ্যুৎ বিভাগের পরীক্ষার ফল, স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদীয় বক্তব্য এবং সংসদ সদস্যের অভিযোগের মধ্যে ভিন্ন অবস্থান উঠে এসেছে। এখন ঘটনার প্রকৃত কারণ ও সম্ভাব্য জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে চলমান তদন্তের ফলাফলের দিকেই নজর রয়েছে।








