Logo

চটের বস্তায় পাঠদান থেকে স্থায়ী স্কুল, হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
১৩ নভেম্বর, ২০২৬, ১৯:৩০
চটের বস্তায় পাঠদান থেকে স্থায়ী স্কুল, হচ্ছে ‘সঞ্জীবন পাঠশালা’
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নে চটের বস্তা বিছিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান করতেন আনসার কমান্ডার কমলচন্দ্র সরকার। এবার তাঁর সেই মানবিক উদ্যোগ পাচ্ছে স্থায়ী অবকাঠামো। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের বিশেষ উদ্যোগে সেখানে নির্মিত হতে যাচ্ছে এক কক্ষবিশিষ্ট ‘সঞ্জীবন পাঠশালা’। এতে সাঁওতাল ও হতদরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে।

বিজ্ঞাপন

সম্প্রতি কমলচন্দ্র সরকারের পরিচালিত পাঠশালাটি পরিদর্শন করেন দিনাজপুর জেলা কমান্ড্যান্ট (উপপরিচালক) মোঃ নুরুজ্জামান। দীর্ঘদিন ধরে নিজ বাড়ির উঠানে চটের বস্তা বিছিয়ে বিনা মূল্যে ৩৫ থেকে ৪০ জন শিশুকে পড়িয়ে আসছেন তিনি। আর্থিক সংকট ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাব থাকলেও শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে নিজের উদ্যোগেই চালিয়ে যাচ্ছিলেন এই পাঠদান কার্যক্রম।

পরিদর্শনকালে জেলা কমান্ড্যান্ট তাঁকে মহাপরিচালকের বিশেষ উদ্যোগে পাঠশালার জন্য স্থায়ী অবকাঠামো নির্মাণের পরিকল্পনার কথা জানান। দীর্ঘদিনের পরিশ্রমের পর এমন সুখবর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কমলচন্দ্র সরকার। এ সময় তিনি মহাপরিচালকের প্রতি কৃতজ্ঞতা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। নতুন পাঠশালা নির্মাণের খবর পেয়ে আনন্দ প্রকাশ করে উপস্থিত শিশুরাও।

শুধু বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণই নয়, কমলচন্দ্র সরকারের বাড়িতেও একটি গৃহস্থালি সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে বাহিনী। পাশাপাশি নবনির্মিত ‘সঞ্জীবন পাঠশালা’য়ও সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হবে। এর মাধ্যমে পাঠদান কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা এবং পাঠশালাটির উন্নয়নে বাহিনীর পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

উল্লেখ্য, কমলচন্দ্র সরকারের এই ব্যতিক্রমী উদ্যোগ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নজরে আসার পর থেকেই তাঁর পাশে দাঁড়াতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। ২০২৫ সালে বাহিনীর পক্ষ থেকে পাঠশালার শিশুদের মধ্যে প্রয়োজনীয় শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। একই বছর মানবিক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে তাঁকে ‘প্রেসিডেন্ট আনসার সেবা পদক’ দেওয়া হয়।

এ ছাড়া তাঁর আর্থিক অসচ্ছলতার বিষয়টি বিবেচনায় নিয়ে দিনাজপুর জেলা কমান্ড্যান্টের নিজস্ব রেশন থেকে নিয়মিত চাল, ডাল, তেল ও চিনি সরবরাহ করা হচ্ছে।

বিজ্ঞাপন

একজন আনসার কমান্ডারের ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠা ছোট্ট পাঠশালাটি এখন প্রাতিষ্ঠানিক সহযোগিতায় স্থায়ী রূপ পেতে যাচ্ছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ‘সঞ্জীবন পাঠশালা’ প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার সাঁওতাল ও দরিদ্র পরিবারের আরও বেশি শিশু শিক্ষার সুযোগ পাবে। পাশাপাশি এই উদ্যোগ প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে শিক্ষার প্রসার ও সামাজিক দায়বদ্ধতার এক ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD