নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আজ

নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আজ। ১৯২৯ সালের ২৩ অক্টোবর ঢাকার মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এই কবি। তাঁর ডাকনাম ছিল বাচ্চু। বাবা মোখলেসুর রাহমান চৌধুরী এবং মা আমেনা বেগম। লেখক হওয়ার আকাঙ্ক্ষা থেকে নিজের নামের সঙ্গে থাকা পৈতৃক উপাধি ‘চৌধুরী’ বাদ দিয়েছিলেন তিনি।
বিজ্ঞাপন
ঢাকা শহরেই বেড়ে ওঠেন শামসুর রাহমান। নগরজীবনের সুখ-দুঃখ, মানুষের কষ্ট ও দৈনন্দিন অভিজ্ঞতা তাঁর কবিতায় বিশেষভাবে উঠে এসেছে। জীবনের সত্য ও সৌন্দর্যকে কাব্যিক ভাষায় তুলে ধরার পাশাপাশি বাঙালির বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং গৌরবময় ইতিহাসও স্থান পেয়েছে তাঁর সৃষ্টিতে।
কবির প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ প্রকাশিত হয় ১৯৬০ সালে। তাঁর সাহিত্যকর্মের মধ্যে রয়েছে ৬৬টি কাব্যগ্রন্থ, চারটি উপন্যাস, একটি প্রবন্ধগ্রন্থ, একটি ছড়ার বই এবং ছয়টি অনুবাদগ্রন্থ। বাংলা কবিতায় স্বতন্ত্র ভাষা ও নাগরিক জীবনবোধের প্রকাশ তাঁকে পাঠকের কাছে বিশেষভাবে পরিচিত করেছে।
সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ শামসুর রাহমান স্বাধীনতা পদক, একুশে পদকসহ একাধিক পুরস্কার অর্জন করেন। ২০০৬ সালের ১৭ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। তবে তাঁর কবিতা ও সাহিত্যকর্ম বাংলা ভাষার পাঠকসমাজে এখনো সমাদৃত।








