Logo

বিদেশফেরত যুবকের আঙুর বাগানে সফলতার স্বপ্ন, জীবননগরে নতুন সম্ভাবনা

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
২৫ এপ্রিল, ২০২৬, ১১:৩২
বিদেশফেরত যুবকের আঙুর বাগানে সফলতার স্বপ্ন, জীবননগরে নতুন সম্ভাবনা
ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় গড়ে উঠেছে একটি ব্যতিক্রমধর্মী আঙুর বাগান, যা ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

উপজেলার হাসাদহ ইউনিয়নের পনেরশতি পাড়া বাগমারা মাঠে এই বাগানের উদ্যোক্তা মোহাম্মদ শাওন ইসলাম—যিনি দীর্ঘ ১০ বছর বাহারাইনে প্রবাস জীবন কাটিয়ে দেশে ফিরে কৃষিতে সফলতার স্বপ্ন বুনছেন।

প্রবাসে থাকাকালীন ইউটিউব দেখে আঙুর চাষে আগ্রহী হয়ে ওঠেন শাওন। সেই আগ্রহ থেকেই প্রায় দুই বছর আগে দেশে ফিরে শুরু করেন বাণিজ্যিক আঙুর চাষ। বর্তমানে তার প্রায় ৮ বিঘা জমির বাগানে আঙুরের পাশাপাশি ড্রাগন ফল, মাল্টা ও পেয়ারা চাষও করা হচ্ছে।

বিজ্ঞাপন

এই উদ্যোগে মাঠপর্যায়ে কাজ করছেন স্থানীয় কৃষক ওলিয়ার রহমান। তিনি বলেন, “আমি আগে এসব চাষ সম্পর্কে তেমন জানতাম না। শাওন ভাই বিনিয়োগ করেছেন, আমি দেখাশোনা করি। আলহামদুলিল্লাহ, এখন ভালো ফলন হচ্ছে।”

উদ্যোক্তা শাওন ইসলাম জানান, তার বাগানে প্রতি গাছে ২০ থেকে ২৫ কেজি পর্যন্ত আঙুর উৎপাদনের আশা করা হচ্ছে। ইতোমধ্যে প্রতি গাছ ২২০ টাকা দরে বিক্রির আগ্রহ দেখা গেছে। তিনি আশা করছেন, আরও ২০ থেকে ২৫ দিনের মধ্যেই আঙুর বাজারজাত করা সম্ভব হবে।

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, “চাকরি বা বিদেশ যাওয়ার পেছনে সময় নষ্ট না করে, যদি সম্ভব হয় ২ বিঘা জমি লিজ নিয়ে কৃষিকাজে মনোযোগ দিন। ইচ্ছা থাকলে দেশেই সফল হওয়া সম্ভব।”

বিজ্ঞাপন

তবে শাওন ইসলাম আক্ষেপ করে জানান, স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে তাদের তেমন যোগাযোগ হয়নি এবং এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাগানটি পরিদর্শন করেনি।

এ বিষয়ে জীবননগর উপজেলা কৃষি অফিসার মোঃ আলমগীর হোসেন বলেন, “জীবননগর উপজেলায় বর্তমানে প্রায় ৫৫-৬০ বিঘা জমিতে আঙুর চাষ হচ্ছে। কৃষকদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বিক পরামর্শ ও সহযোগিতা প্রদান করা হচ্ছে।”

বিজ্ঞাপন

স্থানীয়দের মতে, এই উদ্যোগ সফল হলে জীবননগরে আঙুর চাষের নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং তরুণদের মধ্যে কৃষিভিত্তিক উদ্যোক্তা হওয়ার আগ্রহ আরও বাড়বে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD