চবিতে শাটল ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রেলওয়ে স্টেশনে শাটল ট্রেনের নিচে কাটা পড়ে নুরুল আমিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটের দিকে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নেওয়ার পথে তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীরা জানান, শহর থেকে বিশ্ববিদ্যালয়মুখী শাটল ট্রেনটি স্টেশনে প্রবেশের সময় হঠাৎ দেখা যায় নুরুল আমিন ট্রেনের নিচে পড়ে গেছেন। প্ল্যাটফর্মে থাকা শিক্ষার্থীরা চিৎকার করে সতর্ক করার চেষ্টা করলেও ততক্ষণে ট্রেনটি চলমান অবস্থায় তার শরীরের অর্ধেক অংশ নিচে আটকে যায়। ট্রেন থামার পর শিক্ষার্থীরা মিলে বগি সামান্য কাত করে তাকে উদ্ধার করেন।
বিজ্ঞাপন
পারিবারিক সূত্রে জানা যায়, নুরুল আমিন বিশ্ববিদ্যালয় স্টেশন এলাকার বাসিন্দা এবং চার সন্তানের জনক। তিনি চৌধুরী হাট স্টেশন থেকে শাটল ট্রেনে করে ক্যাম্পাসে ফিরছিলেন। স্টেশনে পৌঁছে নামার সময় তিনি দুর্ঘটনায় পড়েন।
চবি সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, শাটল ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন। তিনি স্টেশনসংলগ্ন এলাকায় ছেলেদের সঙ্গে থাকতেন। পরিবারের সঙ্গে কথা বলে জেনেছি, দাফনের প্রস্তুতি চলছে।
চবি চিফ মেডিকেল অফিসার ডা. আবু তৈয়ব বলেন, শিক্ষার্থীরা তাকে মেডিকেলে নিয়ে আসে। তবে চিকিৎসকরা তাকে মৃত অবস্থায় পান।








