জকসু নির্বাচন: ৪ কেন্দ্রের ফলাফলে শীর্ষ পদে এগিয়ে যারা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা ধীরে এগোলেও এ পর্যন্ত চারটি কেন্দ্রের ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে শীর্ষ তিনটি পদসহ অধিকাংশ পদে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে প্রথম দফায় এসব কেন্দ্রের ফল ঘোষণা শুরু হয়। এখন পর্যন্ত প্রকাশিত চার কেন্দ্রের ফল অনুযায়ী সহসভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম ৪২৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী একেএম রাকিব পেয়েছেন ৩৯৪ ভোট।
আরও পড়ুন: জকসু নির্বাচনের ভোট গণনা স্থগিত ঘোষণা
সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির প্যানেলের আব্দুল আলিম আরিফ ৪১৯ ভোট অর্জন করেছেন। এ পদে ছাত্রদল সমর্থিত প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ২০৬ ভোট। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদেও এগিয়ে রয়েছেন শিবির প্যানেলের মাসুদ রানা, যিনি পেয়েছেন ৪০৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল প্যানেলের আতিকুর রহমান তানজিল পেয়েছেন ৩৩৮ ভোট।
বিজ্ঞাপন
ঘোষিত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, শীর্ষ তিনটি পদ এবং বেশিরভাগ সম্পাদকীয় পদে শিবির সমর্থিত প্যানেল এগিয়ে থাকলেও পাঠাগার সম্পাদক ও সংস্কৃতি সম্পাদক— এই দুই পদে ছাত্রদল সমর্থিত প্রার্থীরা এগিয়ে আছেন। পাশাপাশি নির্বাহী সদস্য পদগুলোর কয়েকটিতেও ছাত্রদল প্যানেলের প্রার্থীরা ভালো অবস্থানে রয়েছেন।
উল্লেখ্য, ভোট গণনার শুরুতে যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘ সময় গণনা কার্যক্রম বন্ধ ছিল। পরে ম্যানুয়াল ও যন্ত্র— দুই পদ্ধতিতে ভোট গণনা শুরু হলেও নির্ধারিত সময়ে তা সম্পন্ন করা সম্ভব হয়নি। মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে প্রায় তিন ঘণ্টা বিরতির পর পুনরায় গণনা শুরু হলেও বুধবার সকাল ৭টা পর্যন্ত মাত্র চারটি কেন্দ্রের ফল প্রকাশ করা গেছে।
বিজ্ঞাপন
এখনও ৩৫টি কেন্দ্রের ভোট গণনা বাকি রয়েছে। এ পর্যন্ত যেসব কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে, সেগুলো হলো— নৃবিজ্ঞান, লোকপ্রশাসন, ভূগোল ও ফার্মেসি বিভাগ। ভোট গণনা সম্পন্ন হলে পর্যায়ক্রমে বাকি কেন্দ্রগুলোর ফলও প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।








