শ্রদ্ধা ও প্রার্থনায় ডুয়েটে স্বাধীনতা দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
সকালে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে শহীদ আবু সাঈদ প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবন, কেন্দ্রীয় লাইব্রেরি ও আবাসিক হলগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
দিবসটি উপলক্ষে বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত এবং জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মন্দির ও অন্যান্য উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।
উল্লেখ্য, ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় মসজিদে বিশেষ মোনাজাত এবং মন্দির ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।








