Logo

গাছের ছোঁয়ায় বদলে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
৪ মে, ২০২৬, ১৯:০৮
গাছের ছোঁয়ায় বদলে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জীবন
ছবি প্রতিনিধি।

জানালার ধারে, বারান্দায়, পড়ার টেবিলে কিংবা ঘরের দেয়ালে সাজিয়ে রাখা হয়েছে নানা প্রজাতির ইনডোর প্ল্যান্ট। এমন চিত্র দেখে যে কারো চোখ আটকে যাবে মুহূর্তেই। সবুজের ছোঁয়ায় আবাসিক জীবনকে আরও প্রাণবন্ত এবং রঙিন করে তুলতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের মাঝে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইনডোর প্লান্ট পরিচর্যার প্রবণতা। পড়াশোনার চাপ ও শহুরে ক্লান্তির মাঝে ছোট ছোট গাছই হয়ে উঠছে তাদের মানসিক প্রশান্তির এক নির্ভরযোগ্য সঙ্গী।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে ঘুরে দেখা যায়, শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষের জানালার ধারে, বারান্দায় কিংবা পড়ার টেবিলের উপরে-পাশে, রুমের দেয়ালে সাজিয়ে রেখেছেন নানা প্রজাতির ইনডোর প্লান্ট। সবুজের ছোঁয়ায় আবাসিক জীবনকে আরও প্রাণবন্ত এবং রঙিন করে তুলছে ইনডোর প্লান্টগুলো। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের মাঝে দিন দিন বৃদ্ধি পাচ্ছে ইনডোর প্ল্যান্ট পরিচর্যার প্রবণতা।

বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী রনি আহমেদ জানান, হলে উঠার পরে দেখলাম বড়ো ভাইয়েরা বারান্দাতে কিংবা তাদের রুমে এরকম ছোট ছোট টবের মধ্যে গাছগুলো রেখেছেন। সেই থেকে অনুপ্রাণিত হয়েছি এবং আমার রুমে সাজানোর যতটুকু পেরেছি, চেষ্টা করেছি। পড়াশোনার চাপ ও শহরের ক্লান্তির মাঝেও গাছগুলো দেখলে একপ্রকার মানসিস শান্তি লাগে।

বিজ্ঞাপন

আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের সংগ্রহে রয়েছে– স্ন্যাক প্লান্ট, মানিপ্লান্ট, অ্যালোভেরা, পিস লিলি, রেইন লিলি, ক্যাকটাস, গোলাপ, টমেটো, সিলভার প্লান্ট, লাকি ব্যাম্বো, জবা, স্পাইডার প্লান্ট, বাগানবিলাস, গাঁধা, অর্কিড, বনসাইসহ আরো নানা প্রজাতির গাছ। এসব গাছ শুধু হলের সৌন্দর্যই বাড়াচ্ছে না, বরং বায়ু বিশুদ্ধ রাখতেও ভূমিকা রাখছে।

আবাসিক শিক্ষার্থী সাদেকুর রহমান বলেন, কিছু গাছ সিনিয়র ভাই থেকে এনেছি, তারপরে পাশে আমাদের নার্সারি আছে। নার্সারিগুলো থেকে গাছগুলো কালেক্ট করা শুরু করলাম। তো গাছগুলো যখন আমি কালেক্ট করা শুরু করলাম, দেখলাম গাছের যখন আমি যত্ন নিচ্ছি, তখন আমার নিজের মধ্যে ভালো লাগা কাজ করছে। আমার কাছে মনে হয় যে, গাছেরও তো একটা প্রাণ আছে, ফলে আমি কারো একটা সেবা করতেছি। আমার কাছে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে।

আরেক আবাসিক শিক্ষার্থী এনায়েত হোসেন বলেন, আমার ছোটোবেলা থেকে একটা শখ ছিল বাগান করা, বড়ো আকারের বাগান করা, ছোট ছোট গাছ, সব ধরনের গাছ লাগানো - এগুলো আমার ছোটোবেলা থেকে ছিল। তো, এটা মূলত আমার আমার মায়ের থেকে এই জিনিসটা আমি পেয়েছি। আমার মাও গাছ লাগাতে খুব পছন্দ করে। তো, এখান থেকে টুকটাক একটা-দুইটা লাগাতে লাগাতে মোটামুটি বড়ো করার চিন্তাভাবনা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা আরো জানান, নিয়মিত পানি দেওয়া, পর্যাপ্ত আলো নিশ্চিত করা এবং সার প্রয়োগের মাধ্যমে গাছগুলোর যত্ন নিচ্ছেন তারা। এছাড়াও অনেকেই অনলাইনে ভিডিও দেখে বা অভিজ্ঞ বন্ধুদের থেকে পরামর্শ নিচ্ছেন এই গাছ পরিচর্যায়।

এনিয়ে আবাসিক শিক্ষার্থী নিলয় সরকার বলেন, গাছ লাগানোর যে অনুপ্রেরণাটা এসেছে একজন ইউটিউবারকে দেখে। তো এই জায়গা থেকে, উনার ভিডিও দেখেই, মানে প্রথম দিকে আমার হচ্ছে ইনডোর প্ল্যান্ট এর প্রতি আমার একটা আগ্রহ জন্মায়। পরবর্তীতে আমি কয়েকটা ইনডোর প্ল্যান্ট আনলাম। গাছের মধ্যে সকালে পানি দেওয়া, পরিচর্যা করা, এগুলো হচ্ছে দেখে শুনে রাখা - এর মধ্যে হচ্ছে একটা মানসিক আনন্দ কাজ করে, যা হচ্ছে আমাদের মন মানসিকতাগুলোকে দারুণভাবে প্রভাবিত করে।

বিজ্ঞাপন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে ইনডোর প্লান্ট পরিচর্যা এখন শুধু শখ নয়, বরং একটি সচেতন জীবনধারার অংশ হয়ে উঠছে, যা শিক্ষার্থীদের অ্যাকাডেমিক জীবনে ইতিবাচক পরিবর্তন বয়ে নিয়ে আসবে বলে বিশ্বাস করেন শিক্ষার্থীরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD