Logo

৯ মাস পর শিক্ষার্থীদের অতিরিক্ত সেমিস্টার ফি ফেরত দিল বেরোবি

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
রংপুর
২ মে, ২০২৬, ২০:২৫
৯ মাস পর শিক্ষার্থীদের অতিরিক্ত সেমিস্টার ফি ফেরত দিল বেরোবি
ছবি: সংগৃহীত

দীর্ঘ নয় মাস অপেক্ষার পর অবশেষে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত আদায় করা সেমিস্টার ফি ফেরত দিয়েছে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসন। শিক্ষার্থীদের ধারাবাহিক দাবির প্রেক্ষিতে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. ফেরদৌস রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যেসব বিভাগ থেকে শিক্ষার্থীরা আবেদন করেছে, সেসব বিভাগের শিক্ষার্থীদের অতিরিক্ত নেওয়া ফি ইতোমধ্যে ফেরত দেওয়া হয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, ২০২৩–২৪ শিক্ষাবর্ষে সেমিস্টার ফি পূর্বে ছিল ১ হাজার ৮৯৫ টাকা। কিন্তু শিক্ষার্থীদের না জানিয়েই তা বাড়িয়ে ৩ হাজার ২৮০ টাকা নির্ধারণ করা হয়। এই সিদ্ধান্তে অসন্তোষ ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। পরে প্রশাসন বাড়তি ফি বাতিল করে আগের কাঠামো পুনর্বহাল এবং অতিরিক্ত আদায়কৃত অর্থ ফেরতের ঘোষণা দেয়।

বিজ্ঞাপন

এদিকে, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৫৪তম সভা এবং কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরি বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩–২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার থেকে ২০২২–২৩ শিক্ষাবর্ষের ফি কাঠামো পুনরায় কার্যকর করা হয়েছে।

এ সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী মো. সানজিদ সরকার স্মরণ বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দ্রুত মেনে নিয়ে প্রশাসন যে উদ্যোগ নিয়েছে, তা ইতিবাচক পরিবেশ তৈরি করেছে। ভবিষ্যতেও এমন সংবেদনশীলতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

একই সেশনের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সানোয়ার হোসেন অভি জানান, অতিরিক্ত ফি বাতিল ও অর্থ ফেরতের সিদ্ধান্ত শিক্ষার্থীদের জন্য স্বস্তিদায়ক।

তিনি বলেন, বিভিন্ন বিভাগে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দেওয়া বা পরবর্তী সেমিস্টারের সঙ্গে সমন্বয়ের উদ্যোগ প্রশংসনীয়। পাশাপাশি ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে প্রশাসনের সক্রিয় ভূমিকা কামনা করেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD