চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল শোডাউন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি প্রকাশ্যে আসার পর ক্যাম্পাসজুড়ে এ নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২২ জুন) ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, শহীদ মিনার এবং রেলক্রসিং সংলগ্ন এলাকায় ৭ থেকে ৮টি মোটরসাইকেল নিয়ে কয়েকজন ব্যক্তি শোডাউন করছেন।
ভিডিওতে অংশগ্রহণকারীদের বিভিন্ন রাজনৈতিক স্লোগান দিতে শোনা যায়। তাদের মধ্যে ‘মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস’, ‘শেখ শেখ মুজিব’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এ ধরনের স্লোগানও ছিল।
বিজ্ঞাপন
ভিডিওতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ারকে বক্তব্য দিতে দেখা যায়। তিনি বলেন, তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন। পাশাপাশি তিনি দাবি করেন, বিশ্ববিদ্যালয়কে কোনোভাবেই জামায়াত-শিবিরের প্রভাব বিস্তারের জায়গা হতে দেওয়া হবে না।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরেও বিষয়টি এসেছে।
এ প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি তিনি দেখেছেন। তবে এটি ঠিক কবে ধারণ করা হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বিজ্ঞাপন
তিনি জানান, ভিডিওটির সত্যতা ও সময়কাল যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে ঘটনার বাস্তবতা নিশ্চিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।








