Logo

মাজারের দানবাক্সে মিলল ডিসি সারওয়ারকে নিয়ে বেনামি চিঠি

profile picture
জেলা প্রতিনিধি
সিলেট
২২ জুন, ২০২৬, ১৮:৪৫
মাজারের দানবাক্সে মিলল ডিসি সারওয়ারকে নিয়ে বেনামি চিঠি
ডিসি সারওয়ার আলম | ফাইল ছবি

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে উদ্দেশ করে লেখা একটি বেনামি চিঠি উদ্ধার হয়েছে। মাজারের দানবাক্সে থাকা অর্থ গণনার সময় চিঠিটি পাওয়া যায় বলে জানিয়েছে জেলা প্রশাসন।

বিজ্ঞাপন

সোমবার (২২ জুন) বিকেলে মাজার প্রাঙ্গণে স্থাপিত তিনটি দানবাক্স (ডেগ) খোলার পর টাকা গণনার সময় চিঠিটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব।

তিনি জানান, দানবাক্স থেকে নগদ অর্থের পাশাপাশি কয়েকটি চিঠি এবং কিছু স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে। উদ্ধার হওয়া চিঠিগুলোর মধ্যে একটি বিশেষভাবে আলোচনায় এসেছে, কারণ সেটিতে সম্প্রতি প্রত্যাহার হওয়া সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের কর্মকাণ্ডের প্রশংসা করা হয়েছে এবং মাজার পরিচালনা নিয়ে বিভিন্ন অভিযোগ উত্থাপন করা হয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, বেনামি ওই চিঠিতে মাজারের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, আর্থিক অনিয়ম এবং জায়গা দখলের অভিযোগ তুলে ধরা হয়। একই সঙ্গে মাজার-সংশ্লিষ্ট এক ব্যক্তির বিরুদ্ধে মাজারের জমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণ এবং বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগও করা হয়েছে।

চিঠির লেখক নিজের পরিচয় প্রকাশ না করে ‘একজন শুভাকাঙ্ক্ষী’ হিসেবে স্বাক্ষর করেন। সেখানে দাবি করা হয়, মাজারে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জেলা প্রশাসকের নেওয়া পদক্ষেপকে অনেক মানুষ সমর্থন করছেন। পাশাপাশি সংশ্লিষ্ট অভিযোগগুলোর বিষয়ে প্রশাসনিক তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

তবে চিঠিতে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা সম্পর্কে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি।

বিজ্ঞাপন

প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, দানবাক্স থেকে পাওয়া চিঠিগুলো নিয়ম অনুযায়ী সংরক্ষণ করা হয়েছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করা হতে পারে।

উল্লেখ্য, সম্প্রতি সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তের পর সিলেটে তাকে পুনর্বহালের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। এর মধ্যেই মাজারের দানবাক্স থেকে তাকে নিয়ে লেখা এই বেনামি চিঠি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টদের মতে, মাজারের মতো ধর্মীয় প্রতিষ্ঠানের দানবাক্সে প্রশাসনিক বিষয় নিয়ে অভিযোগপত্র পাওয়া একটি ব্যতিক্রমী ঘটনা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় মহলেও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD