উদ্ভাবনের উচ্ছ্বাসে শেষ হলো ডুয়েট সিএসই কার্নিভাল

দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে অনুষ্ঠিত দুই দিনব্যাপী সিএসই কার্নিভাল-২০২৬ শেষ হয়েছে। শনিবার সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও বিজয়ীদের সম্মাননার মধ্য দিয়ে প্রযুক্তি ও উদ্ভাবনের এ আয়োজনের পর্দা নামে।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার, গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া, বিডিরেনের চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ তাওরিত এবং বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দেশের বিভিন্ন প্রান্তের শতাধিক বিশ্ববিদ্যালয় থেকে এক হাজার ২০০-এর বেশি প্রযুক্তিপ্রেমী শিক্ষার্থীর অংশগ্রহণে কার্নিভালটি একটি বৃহৎ প্রযুক্তি উৎসবে পরিণত হয়েছে। প্রযুক্তি, উদ্ভাবন ও সৃজনশীলতার সমন্বয়ে শিক্ষার্থীরা তাদের মেধা ও দক্ষতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, ডুয়েটের সিএসই বিভাগ শুধু শ্রেণিকক্ষের পাঠদানেই সীমাবদ্ধ নয়; গবেষণা, উদ্ভাবন এবং বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধানের মাধ্যমে ভবিষ্যতের দক্ষ প্রযুক্তিবিদ ও গবেষক তৈরিতে কাজ করছে। বিশ্ববিদ্যালয়ে অর্জিত জ্ঞান ও দক্ষতা সমাজ এবং মানবকল্যাণে কাজে লাগানোরও আহ্বান জানান তিনি।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন, কম্পিউটার সায়েন্স শুধু কোডিংয়ের বিষয় নয়; এটি সমস্যা সমাধান, উদ্ভাবন এবং ভবিষ্যৎ নির্মাণের অন্যতম মাধ্যম। তিনি শিক্ষার্থীদের প্রতিটি চ্যালেঞ্জকে সুযোগে পরিণত করে স্বপ্নপূরণে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া বলেন, বিজ্ঞান হলো চোখ, আর প্রযুক্তি হলো হাত। কার্নিভালে শিক্ষার্থীদের কৃষি, প্রকৌশল, চিকিৎসাসহ বিভিন্ন খাতের সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান উপস্থাপন তাকে অনুপ্রাণিত করেছে।
বিজ্ঞাপন
সিএসই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস এবং ইনোভার্স বাংলাদেশের ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কার্নিভাল-২০২৬-এর ডুয়েট চ্যাপ্টারের প্রজেক্ট ডিরেক্টর ও বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহা. আবু তৈয়ব।
ডুয়েট কম্পিউটার সোসাইটি ও হোয়াইটবোর্ড ইনিশিয়েটিভসের সহযোগিতায় আয়োজিত এ কার্নিভালে দেশের শতাধিক বিশ্ববিদ্যালয়ের এক হাজার ২০০-এর বেশি শিক্ষার্থী অংশ নেন। দুই দিনে অনুষ্ঠিত আইসিটি অলিম্পিয়াড, প্রজেক্ট শোকেসিং, আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতা (আইইউপিসি) এবং এআই হ্যাকাথনে অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতার পরিচয় তুলে ধরেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং নেটওয়ার্কিং সেশনের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।








