ডুয়েটের নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী রুমা

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) তৃতীয় উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. প্রকৌশলী রুমা।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (২৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। পরদিন বুধবার সকালে নবনিযুক্ত উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, দপ্তরপ্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত উপ-উপাচার্যকে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল ও টেকসই করতে সম্মিলিত নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। অধ্যাপক ড. রুমার দীর্ঘ একাডেমিক ও প্রশাসনিক অভিজ্ঞতা শিক্ষা, গবেষণা, প্রশাসন এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, অধ্যাপক ড. রুমার নেতৃত্ব ও অভিজ্ঞতা ডুয়েটকে আন্তর্জাতিক মানের গবেষণাকেন্দ্রিক ও শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।
বিজ্ঞাপন
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. রুমা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি বলেন, শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সর্বোচ্চ নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন তিনি। উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সব অংশীজনকে সঙ্গে নিয়ে একটি আধুনিক, জ্ঞানভিত্তিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন বিশ্ববিদ্যালয় গড়ে তোলাই তাঁর অন্যতম অগ্রাধিকার।
এ লক্ষ্য বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের সহযোগিতা কামনা করেন নবনিযুক্ত উপ-উপাচার্য।
এর আগে ২৭ জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব কাজী নূরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. প্রকৌশলী রুমাকে চার বছরের জন্য ডুয়েটের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
বিজ্ঞাপন
অধ্যাপক ড. রুমা বর্তমানে ডুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি একই বিভাগের বিভাগীয় প্রধান ও হল প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।
তিনি ডুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক (ইঞ্জি.) ডিগ্রি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে জাপানের কুমামোতো বিশ্ববিদ্যালয় থেকে পালস পাওয়ার অ্যান্ড প্লাজমা বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
গবেষণাক্ষেত্রে অধ্যাপক ড. রুমা হাই-ভোল্টেজ ডিসচার্জ প্লাজমা, নবায়নযোগ্য জ্বালানি, পাওয়ার ইলেকট্রনিক্স ও পাওয়ার সিস্টেমস নিয়ে কাজ করছেন। তাঁর ৩৯টির বেশি গবেষণাপ্রবন্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল এবং কনফারেন্স প্রসিডিংসে প্রকাশিত হয়েছে। পাশাপাশি তিনি বিভিন্ন গবেষণা প্রকল্পের সঙ্গেও যুক্ত রয়েছেন।
বিজ্ঞাপন
অধ্যাপক ড. রুমা ১৯৮১ সালে নরসিংদীর শিবপুর উপজেলার সৈয়দের খোলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা মরহুম হারুন অর রশিদ এবং মা রেহানা পারভীন। তাঁর স্বামী ড. প্রকৌশলী আহসান হাবীব সিটি ইউনিভার্সিটির যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান। ব্যক্তিজীবনে তিনি তিন সন্তানের জননী।








