Logo

বারির সুবর্ণজয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিক সূচনা

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
৪ আগস্ট, ২০২৬, ১৬:৩০
বারির সুবর্ণজয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিক সূচনা
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) গাজীপুরে বারির প্রধান কার্যালয় প্রাঙ্গণে কেক কেটে এ আয়োজনের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মো. মঞ্জুরুল কাদির।

বিজ্ঞাপন

উদ্বোধনী অনুষ্ঠানে বারির বিভিন্ন কেন্দ্র ও বিভাগের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী এবং শ্রমিকরা অংশ নেন। প্রতিষ্ঠার পাঁচ দশক পূর্তিকে স্মরণীয় করে রাখতে এ আয়োজনের মাধ্যমে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচির সূচনা করা হয়।

বারি দেশের বৃহত্তম বহুমুখী কৃষি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষি উৎপাদন বৃদ্ধি, কৃষকের আয় বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতিষ্ঠানটি বর্তমানে দানাজাতীয় শস্য, ডাল, তেলবীজ, কন্দাল ফসল, সবজি, ফল, ফুলসহ প্রায় ২১২টি ফসল নিয়ে গবেষণা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বারির বিজ্ঞানীরা বিভিন্ন ফসলের ৬৮১টি উচ্চ ফলনশীল ও প্রতিকূল পরিবেশ সহনশীল জাত এবং ৬৯২টি উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন করেছেন। সব মিলিয়ে কৃষি খাতে ১ হাজার ৩৭৩টি প্রযুক্তি কৃষকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এসব উদ্ভাবনের মাধ্যমে দেশে তেলবীজ, ডাল, আলু, সবজি, মসলা ও ফলের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

বারির ইতিহাসে ১৯৭৬ সালের ৪ আগস্ট একটি গুরুত্বপূর্ণ দিন। ওই দিন রাষ্ট্রপতির ৬২ নম্বর অধ্যাদেশের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা করেন। এর ফলে দেশের কৃষি গবেষণা কার্যক্রম আরও প্রাতিষ্ঠানিক ও গতিশীল রূপ লাভ করে এবং বিজ্ঞানভিত্তিক কৃষি উদ্ভাবনের নতুন অধ্যায়ের সূচনা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা, পরিচালক (গবেষণা) ড. ফারুক আহমেদ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. কাওছার উদ্দিন আহাম্মদ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. নির্মল কুমার দত্ত, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. হাবিব মোহাম্মদ নাসের এবং পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. মোশাররফ হোসেন মোল্লাসহ বারির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিজ্ঞানী ও কর্মচারীরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD