১ কোটি ২৮ লাখ টাকায় দুই ভবনে লিফট, কমবে ভোগান্তি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ব্যবসায় শিক্ষা অনুষদ ও মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে লিফট স্থাপনের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে বিজ্ঞান অনুষদ, প্রকৌশল অনুষদ ও প্রশাসনিক ভবনেও লিফট স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, তিনটি পৃথক ওয়ার্ক অর্ডারের মাধ্যমে প্রায় ১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার ৬৫২ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে লিফটের অবকাঠামো নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৪২ লাখ ৩৪ হাজার ৬৫২ টাকা এবং লিফট ক্রয়ে ব্যয় হবে ৮৬ লাখ ২০ হাজার টাকা। প্রকল্পের মোট অর্থায়নের মধ্যে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে পাওয়া যাবে। বাকি অর্থ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।
স্থাপন করা হতে যাওয়া লিফট দুটি চীন-জাপানি যৌথ উদ্যোগে পরিচালিত ফুজি কোম্পানির সি-টাইপ মডেলের। প্রতিটি লিফটের ধারণক্ষমতা ১ হাজার কেজি, অর্থাৎ এতে একসঙ্গে প্রায় ১৩ জন যাতায়াত করতে পারবেন।
ব্যবসায় শিক্ষা অনুষদ ভবনে লিফটটির পাঁচটি এবং মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে ছয়টি স্টপেজ থাকবে। লিফটের অবকাঠামো স্টিলের তৈরি হবে এবং এর বাইরের অংশ গ্লাস দিয়ে আবৃত থাকবে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তিন মাস মেয়াদি নির্মাণকাজ নভেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। এরপর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে ডিসেম্বর নাগাদ লিফট দুটি চালু করার পরিকল্পনা রয়েছে।
বিশ্ববিদ্যালয়টি পাহাড় কেটে নির্মিত হওয়ায় ভবনগুলো পাঁচতলা হলেও উঁচু সড়ক ও সিঁড়ি বেয়ে বিভিন্ন বিভাগ ও অনুষদে যেতে শিক্ষার্থী-শিক্ষকদের অতিরিক্ত কষ্ট করতে হয়। বিশেষ করে উঁচু তলায় ক্লাস, পরীক্ষা কিংবা দাপ্তরিক কাজে যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। লিফট চালু হলে এই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করছেন শিক্ষার্থীরা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসরাত জাকিয়া নিহা বলেন, ব্যবসায় শিক্ষা অনুষদে লিফট চালু হলে শিক্ষার্থীদের যাতায়াত অনেক সহজ হবে। উঁচু সিঁড়ি ডিঙিয়ে ক্লাসে বা চতুর্থ তলার পরীক্ষা হলে যেতে শিক্ষার্থীরা ক্লান্ত হয়ে পড়ে। লিফট চালু হলে ভোগান্তি কমার পাশাপাশি অনুষদটি আরও আধুনিক ও শিক্ষার্থী-বান্ধব হয়ে উঠবে।
বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুনায়েদ আল হাবিব বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় পাহাড়ের ওপর অবস্থিত হওয়ায় উঁচু তলাগুলোতে প্রতিদিন ওঠানামা করতে শিক্ষার্থী ও শিক্ষকদের ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা ও শারীরিক সমস্যায় থাকা শিক্ষার্থীরা বেশি কষ্টে পড়েন। লিফট চালু হলে তাদের চলাচল অনেক সহজ ও স্বাচ্ছন্দ্যময় হবে।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী এস এম শহিদুল হাসান বলেন, আমরা আপাতত দুটি ভবনে লিফট স্থাপনের কাজ শুরু করেছি। তিন মাস মেয়াদি এই কাজ নভেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। কাজ শেষ হলে পরবর্তী ভবনগুলোতে লিফট স্থাপনের কাজ শুরু করা হবে।
বিজ্ঞাপন
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আমজাদ হোসেন সরকার বলেন, আমাদের উপাচার্য শুরু থেকেই বলে আসছেন, তিনি ‘স্টুডেন্ট ফার্স্ট’ নীতিতে বিশ্বাসী। তিনি সেই অনুযায়ী একের পর এক শিক্ষার্থীদের কল্যাণে উদ্যোগ নিচ্ছেন। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই লিফট স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে দুটি ভবনে নির্মাণকাজ চলছে। পর্যায়ক্রমে বাকি ভবনগুলোতেও লিফট স্থাপন করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এ উদ্যোগে দীর্ঘদিনের যাতায়াত-ভোগান্তি কমার পাশাপাশি অনুষদ ভবনগুলো আরও আধুনিক ও শিক্ষার্থী-বান্ধব হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।








