কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের কমিটি ঘিরে ছাত্রসংগঠনগুলোর তীব্র প্রতিক্রিয়া

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার পর ক্যাম্পাসের বিভিন্ন ক্রিয়াশীল ছাত্রসংগঠনের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংগঠনগুলোর নেতারা এ কমিটিকে প্রত্যাখ্যান করে নিষিদ্ধ সংগঠনের যেকোনো সাংগঠনিক কার্যক্রম প্রতিহত করার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তারা অতীতের সহিংসতার বিচার না হওয়াকে এমন পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৯ জুলাই) ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আমিনুর বিশ্বাসকে সভাপতি এবং পার্থ সরকারকে সাধারণ সম্পাদক করা হয়। বিজ্ঞপ্তিতে আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির প্রস্তাব কেন্দ্রীয় নির্বাহী সংসদে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কার্যক্রম প্রায় নিষ্ক্রিয় ছিল। নতুন কমিটি ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠন এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে।
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, কুবি শাখার সংগঠক মারুফ শেখ বলেন, শিক্ষার্থীদের কাছে ছাত্রলীগ একটি প্রত্যাখ্যাত সংগঠনে পরিণত হয়েছে। তার ভাষ্য, নতুন কমিটি ঘোষণার মাধ্যমে অতীতের বিভাজনমূলক রাজনীতিকে টিকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। তিনি শিক্ষার্থীদের ছাত্রলীগের বিরুদ্ধে বিচার নিশ্চিতের দাবিতে সোচ্চার থাকার আহ্বান জানান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
কুবি শাখা ছাত্র শক্তির সংগঠক ও কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র শক্তির আহ্বায়ক নাঈম ভূঁইয়া বলেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো কার্যক্রম বিশ্ববিদ্যালয়ে পরিচালিত হতে দেওয়া হবে না। তিনি দাবি করেন, ক্যাম্পাসে এ ধরনের কার্যক্রম প্রতিহত করতে তারা প্রস্তুত রয়েছেন।
ছাত্রশিবিরের কুবি শাখার সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় অতীতের অভিযোগগুলোর বিচার ও জবাবদিহি নিশ্চিত না করে নতুন কমিটি ঘোষণা শিক্ষার্থীরা গ্রহণ করবে না। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি।
বিজ্ঞাপন
কুবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভও নতুন কমিটিকে প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কমিটিকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও অন্যান্য ছাত্রসংগঠন মেনে নেবে না। তার দাবি, ঘোষিত কমিটিতে থাকা ব্যক্তিদের অনেকেই বর্তমানে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান করছেন না। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠনের কোনো ধরনের কার্যক্রম পরিচালনার সুযোগ দেওয়া হবে না।
এ বিষয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।








