Logo

উপাচার্য ভেতরে, চুয়েটের ভিসি ভবনে তালা দিলেন আন্দোলনকারীরা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১২ অক্টোবর, ২০২৬, ১৪:২০
উপাচার্য ভেতরে, চুয়েটের ভিসি ভবনে তালা দিলেন আন্দোলনকারীরা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে ভবনের ভেতরে রেখেই উপাচার্য ভবনের প্রধান ফটকে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে ভবন ত্যাগ না করায় সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার পর এ কর্মসূচি পালন করেন তারা।

বিজ্ঞাপন

শিক্ষার্থীরা উপাচার্য ভবনকে ‘ভ্যাকেন্ট’ ঘোষণা করে ফটকে তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন আন্দোলনকারীরা।

এর আগে সোমবার দুপুর ১২টার মধ্যে উপাচার্যকে ভবন ছেড়ে যাওয়ার আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে তিনি ভবন না ছাড়লে সেটিকে ‘ভ্যাকেন্ট’ ঘোষণা, ফটকে তালা দেওয়া এবং বাইরে থেকে বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছিলেন তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, সময়সীমা পার হওয়ার পর উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। পরে তারা ভবনের ফটকে তালা লাগিয়ে দেন।

বিজ্ঞাপন

অধ্যাপক শেখ শরীফুল আলম উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার পর গত ২৪ সেপ্টেম্বর রাষ্ট্রপতি ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে যোগদানপত্র পাঠিয়ে দায়িত্ব গ্রহণ করেন। তবে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে এত দিন সরাসরি ক্যাম্পাসে যেতে পারেননি তিনি।

এদিকে, ১১ ও ১২ অক্টোবরের জন্য যন্ত্রকৌশল বিভাগের শিক্ষক মো. আরাফাত রহমানকে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তেরও বিরোধিতা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সকাল থেকেই শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে চুয়েট ক্যাম্পাসে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। উপাচার্য ভবনে তালা দেওয়ার ঘটনায় পরিস্থিতি আরও কোন দিকে গড়ায়, তা নিয়ে বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD