পদত্যাগ না করলে তালা খুলবে না, রাতেও অবরুদ্ধ চুয়েট উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. শেখ শরিফুল আলমকে অবরুদ্ধ করে রেখেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পদত্যাগ না করলে এবং সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত ভিসি ভবনের তালা খোলা হবে না বলে ঘোষণা দিয়েছেন তারা।
বিজ্ঞাপন
সোমবার (১২ অক্টোবর) রাতে শিক্ষার্থীদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, নিজের পদ টিকিয়ে রাখতে মদুনাঘাট ও চান্দগাঁও টার্মিনালে সাধারণ শিক্ষার্থীদের বহনকারী বাসে হামলার পর উপাচার্য শেখ শরিফুল আলম বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। এ কারণে তাকে আর উপাচার্য হিসেবে বিবেচনা করছেন না তারা।
শিক্ষার্থীরা জানান, উপাচার্য ও তার সহযোগীদের দুপুর ১২টার মধ্যে ভিসি ভবন ছেড়ে যাওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছিল। তবে তারা ভবনের ভেতরে অবস্থান করায় শিক্ষার্থীরা ভবনের দরজায় তালা লাগিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন বলে তাদের বক্তব্যে উল্লেখ করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আন্দোলনকারীরা বলেন, যৌক্তিক অধিকার আদায়ের জন্য তারা আন্দোলন করছেন। কোনো ধরনের সংঘাত বা মানবাধিকার লঙ্ঘন তাদের উদ্দেশ্য নয়। কাউকে ভবনে অবরুদ্ধ করে রাখাও তাদের লক্ষ্য নয় বলে দাবি করেন তারা।
শিক্ষার্থীদের পক্ষ থেকে উপাচার্যকে পদত্যাগ করে নিরাপদে ভবন থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়ার কথা জানানো হয়েছে। এ জন্য তাকে নিজ হাতে পদত্যাগপত্র লিখে শিক্ষার্থীদের কাছে হস্তান্তর অথবা গণমাধ্যমের সামনে প্রকাশ্যে পদত্যাগের ঘোষণা দেওয়ার প্রস্তাব দিয়েছেন তারা।
শিক্ষার্থীদের ঘোষণা অনুযায়ী, উপাচার্য পদত্যাগ করলে ভবনের তালা খুলে তাকে ও তার সহযোগীদের নিরাপদে ক্যাম্পাস ত্যাগের সুযোগ দেওয়া হবে। অন্যথায় সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত তাকে ভবনের ভেতরে অবরুদ্ধ রাখা হবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক ড. শেখ শরিফুল আলমকে চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। এরপর থেকেই তার নিয়োগ বাতিল এবং সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।








