Logo

রাজধানীতে জ্বালানি সংকট, বন্ধ পাম্পেও যানবাহনের দীর্ঘ লাইন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ মার্চ, ২০২৬, ১৫:২৩
রাজধানীতে জ্বালানি সংকট, বন্ধ পাম্পেও যানবাহনের দীর্ঘ লাইন
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের সাত দিনের ছুটি শেষে সরকারি অফিস, ব্যাংক ও বিমা প্রতিষ্ঠান খুললেও রাজধানীতে জ্বালানি তেলের সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন চালকরা। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল থেকেই ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে তেল নিতে অপেক্ষমাণ মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ সারি দেখা গেছে।

বিজ্ঞাপন

সকাল ১০টার দিকে রাজধানীর আসাদগেট এলাকায় গিয়ে দেখা যায়, সেখানকার দুটি ফিলিং স্টেশন থেকে জ্বালানি সরবরাহ বন্ধ রয়েছে। পাম্প কর্তৃপক্ষ চালকদের জানাচ্ছিল, আপাতত তেল সরবরাহ নেই। ফলে আশপাশের সড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানবাহনের সারি।

তালুকদার ফিলিং স্টেশনের সামনে লেক রোড পর্যন্ত যানবাহনের লাইন দেখা যায়। একই এলাকায় সোনার বাংলা সার্ভিস স্টেশনেও তেলের অপেক্ষায় থাকা গাড়ির সারি মোহাম্মদপুর টাউন হল ছাড়িয়ে যায়।

বিজ্ঞাপন

মানিকগঞ্জ থেকে মোটরসাইকেল চালিয়ে ঢাকায় আসা শফিউল্লাহ জানান, তিনি গাবতলী থেকে আসাদগেট পর্যন্ত একাধিক পাম্প ঘুরেও কোথাও তেল পাননি। শেষ পর্যন্ত পাম্পগুলো বন্ধ অবস্থায় পান।

আসাদগেট এলাকার পাম্পের ক্যাশিয়ার ফাত্তাহ আজম জানান, সোমবার রাতেই তাদের স্টেশনের জ্বালানি শেষ হয়ে যায়। নতুন করে তেল সরবরাহ আসতে দুপুর পর্যন্ত সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে মোহাম্মদপুর এলাকার সোনার বাংলা সার্ভিস স্টেশনে সকাল থেকেই দীর্ঘ অপেক্ষার পর তেল শেষ হয়ে যায় বলে জানানো হয়। সকাল ৬টা থেকে লাইনে দাঁড়িয়ে থাকা চালক আবুল কাশেম জানান, কয়েক ঘণ্টা অপেক্ষার পরও তিনি জ্বালানি পাননি এবং এখনো পরবর্তী সরবরাহের অপেক্ষায় রয়েছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়েছেন, তবে গাড়িতে জ্বালানি না থাকায় বাধ্য হয়েই অপেক্ষা করতে হচ্ছে।

বিজয় সরণি এলাকার ট্রাস্ট ফিলিং স্টেশনেও সকাল থেকে জ্বালানি সরবরাহ বন্ধ ছিল। এতে জাহাঙ্গীর গেট পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

বিজ্ঞাপন

এ পাম্পে অপেক্ষমাণ গাজীপুর থেকে আসা মো. তাশরিফ হাসান জানান, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ করেই তেল সরবরাহ বন্ধ হয়ে যায়। তিনি বলেন, জ্বালানি না পেলে তার পক্ষে অফিসে যাওয়া সম্ভব হবে না, যদিও সকাল ১০টায় তার কর্মস্থলে উপস্থিত হওয়ার কথা ছিল।

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে এমন পরিস্থিতিতে রাজধানীর বিভিন্ন এলাকায় যানজট ও ভোগান্তি আরও বেড়ে যায়। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে নগরজুড়ে চলাচলে বড় ধরনের প্রভাব পড়তে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD