চাঁদাবাজি প্রতিরোধে তৃতীয় লিঙ্গের ১০০ জনকে নিয়োগ দেবে নবীন ফ্যাশন

চাঁদাবাজির মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং কর্মপরিবেশে নিরাপত্তা জোরদার করতে তৃতীয় লিঙ্গের ১০০ জন কর্মী নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নবীন ফ্যাশন। প্রতিষ্ঠানটি কেরানীগঞ্জের চাইনিজ ফ্যাক্টরিতে এই জনবল যুক্ত করবে বলে জানিয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ থেকে ৩৫ বছর বয়সী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। নির্বাচিত কর্মীদের মাসিক ১৫ হাজার টাকা বেতন, বছরে দুটি উৎসব বোনাস, আবাসন সুবিধা এবং প্রতিদিন এক বেলা খাবার প্রদান করা হবে। পাশাপাশি সাপ্তাহিক একদিন ছুটির সুযোগ থাকবে, যা প্রয়োজনে মাসে একত্রে ব্যবহার করা যাবে।
বিজ্ঞাপন
প্রতিদিন ১০ ঘণ্টা কর্মসময় নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে দুপুরে এক ঘণ্টা বিশ্রাম ও নামাজের জন্য বিরতির ব্যবস্থা থাকবে। নিয়োগপ্রাপ্তদের চাইনিজ বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। দক্ষতা ও অভিজ্ঞতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতে বিদেশে কর্মসংস্থানের সুযোগও তৈরি হতে পারে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্যোগের মাধ্যমে কর্মস্থলে শৃঙ্খলা বজায় রাখা এবং চাঁদাবাজির মতো সমস্যা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
বিজ্ঞাপন
আগ্রহী প্রার্থীদের আগামী ৮ এপ্রিলের মধ্যে রাজধানীর চকবাজার এলাকায় অবস্থিত নির্ধারিত অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। শুধুমাত্র প্রকৃত চাকরিপ্রত্যাশীদের আবেদন করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।
এ উদ্যোগকে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ার একটি প্রয়াস হিসেবে দেখা হচ্ছে, যা সমাজের বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করার সুযোগ তৈরি করবে।








