কড়াইল জামাইবাজারে ঢাকা ওয়াসার গভীর নলকূপ উদ্বোধন

ঢাকার কড়াইল জামাইবাজারের এরশাদ মাঠ সংলগ্ন এলাকায় ঢাকা ওয়াসা স্থাপিত একটি নতুন গভীর নলকূপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ এই পানি সরবরাহ সুবিধার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব আব্দুর রহমান সানি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলাম।
বিজ্ঞাপন
এ সময় আরও উপস্থিত ছিলেন জরুরি পানি সরবরাহ প্রকল্প এবং পানি পূর্ব ও উত্তর সার্কেলের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল মজিদ, মডস সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ফিরোজ আলম, মডস সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহ আলমসহ ঢাকা ওয়াসার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা রাজধানীর বিভিন্ন এলাকায় নিরাপদ ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ নিশ্চিত করতে ঢাকা ওয়াসার চলমান কার্যক্রমের কথা তুলে ধরেন। তারা বলেন, জনসাধারণের মৌলিক চাহিদা পূরণে পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে সরকার ও ঢাকা ওয়াসা ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নবনির্মিত এই গভীর নলকূপ থেকে প্রতি মিনিটে প্রায় ২ হাজার ৪০০ লিটার পানি উত্তোলন করা সম্ভব হবে। এর ফলে কড়াইল জামাইবাজার ও আশপাশের এলাকার বাসিন্দারা আরও উন্নত ও নিরবচ্ছিন্ন পানি সরবরাহ সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের দীর্ঘদিনের পানি সংকট নিরসনে এই গভীর নলকূপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়। একই সঙ্গে ভবিষ্যতেও নগরবাসীর জন্য পানি সরবরাহ ব্যবস্থা আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।








