Logo

রাজধানীতে দুই বাসের চাপায় প্রাণ গেল যুবকের

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ জুন, ২০২৬, ১৯:২১
রাজধানীতে দুই বাসের চাপায় প্রাণ গেল যুবকের
ছবি: সংগৃহীত

রাজধানীর চাঁনখারপুল এলাকায় বাসে ওঠার সময় দুই পরিবহনের বাসের মধ্যে পড়ে জয়দেব (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, চাঁনখারপুল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের মাঝামাঝি এলাকায় নারায়ণগঞ্জগামী একটি বাসে উঠছিলেন জয়দেব। এ সময় আরেকটি বাস ওভারটেক করার চেষ্টা করলে তিনি বাসের চাপায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা সংশ্লিষ্ট দুটি বাস আটকে রাখেন।

বিজ্ঞাপন

নিহতের সহকর্মী মিজানুর রহমান জানান, তারা একটি ওষুধ কোম্পানির ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করতেন। সকালে শাহবাগ এলাকায় কাজ শেষে বিকেলে যাত্রাবাড়ীর বাসায় ফেরার কথা ছিল জয়দেবের। পরে মোবাইল ফোনে দুর্ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন। জয়দেবের গ্রামের বাড়ি বরিশাল জেলায়।

ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ক্যাম্প সূত্রে জানা গেছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD