Logo

রাজধানীতে খণ্ডিত লাশ উদ্ধার: পরকীয়ার জেরে হত্যা, গ্রেপ্তার ৯

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ আগস্ট, ২০২৬, ২১:২০
রাজধানীতে খণ্ডিত লাশ উদ্ধার: পরকীয়ার জেরে হত্যা, গ্রেপ্তার ৯
ছবি: সংগৃহীত

রাজধানীর সবুজবাগের বাসাবো কালভার্ট রোডের ময়লাযুক্ত স্থান থেকে খণ্ডিত এক নারীর মরদেহ উদ্ধারের ঘটনায় সাহিদা নামের এক নারীসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত সুরাইয়া আক্তার ফালানির মরদেহের বিচ্ছিন্ন দুই হাত ও মাথা উদ্ধার করা গেলেও শরীরের বাকি অংশ এখনো পাওয়া যায়নি। সেগুলো উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

তদন্ত সূত্র জানায়, গত ৩ আগস্ট দিবাগত রাতে সবুজবাগের বাগানবাড়ি এলাকার একটি পরিত্যক্ত ভবনে সুরাইয়া আক্তার ফালানিকে হত্যা করা হয়। সাহিদাসহ পাঁচজন মিলে তাকে মারধর ও ছুরিকাঘাত করেন বলে তদন্তে উঠে এসেছে। পরে চাপাতি দিয়ে মরদেহটি খণ্ড-বিখণ্ড করা হয়। হত্যার ঘটনা গোপন করতে মরদেহের বিভিন্ন অংশ বাসাবো কালভার্ট এলাকার একাধিক স্থানে ফেলে দেওয়া হয়।

পরে সেখান থেকে বিচ্ছিন্ন দুই হাত ও মাথা উদ্ধার করে পুলিশ। তবে মরদেহের অন্য অংশগুলো এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

এ ঘটনায় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে সম্প্রতি ৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে সাহিদা ও কবির নামে দুজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নিহত সুরাইয়া আক্তার ফালানি এবং গ্রেপ্তার ব্যক্তিরা পরস্পরের পরিচিত। তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তারা মাদকাসক্ত এবং একসঙ্গে মাদক সেবন করতেন বলেও তদন্তে জানা গেছে।

বিজ্ঞাপন

আদালতে দেওয়া সাহিদার জবানবন্দি অনুযায়ী, তার স্বামীর সঙ্গে নিহত ফালানির কথিত অবৈধ সম্পর্কের জেরে হত্যাকাণ্ডটি ঘটে। তবে ওই ব্যক্তি সাহিদার স্বামী নাকি প্রেমিক—এ বিষয়টিও তদন্ত করে নিশ্চিত হওয়ার চেষ্টা করছে পুলিশ।

পুলিশ বলছে, হত্যার পেছনে অন্য কোনো কারণ ছিল কি না এবং ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মরদেহের বাকি অংশ স্রোতের মাধ্যমে নদীর সঙ্গে সংযুক্ত কোনো এলাকায় চলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেগুলো উদ্ধারে তল্লাশি অব্যাহত রয়েছে।

সবুজবাগ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, মাথা ও দুই হাত বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার হওয়া নারীর হত্যার ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গলা থেকে বুক পর্যন্ত অংশ এবং দুই পা উদ্ধারে অভিযান ও তল্লাশি চলছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD