Logo

লংমার্চে জ্বালানি ব্যবহার শুধুই অপচয়: ডিএসসিসি প্রশাসক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:১২
লংমার্চে জ্বালানি ব্যবহার শুধুই অপচয়: ডিএসসিসি প্রশাসক
ছবি: সংগৃহীত

গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধানে লংমার্চের মতো কর্মসূচির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম। তাঁর মতে, এ ধরনের কর্মসূচিতে বিপুল পরিমাণ জ্বালানি ব্যয় হয়, যা শেষ পর্যন্ত অপচয় ছাড়া আর কিছু নয়।

বিজ্ঞাপন

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কামরাঙ্গীরচরে বর্জ্যের বিনিময়ে পণ্য দেওয়ার একটি কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

আব্দুস সালাম বলেন, গ্যাস ও বিদ্যুতের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ করে সমস্যার সমাধান হবে না।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তাঁর প্রশ্ন, ‘সরকারের পক্ষ থেকে বিরোধীদলের কাছে পরামর্শ চাওয়া হয়েছে যে, সরকারের নেওয়া উদ্যোগের বাইরে আর কী কী করা যায়। আজকে হাজার হাজার গাড়ি নিয়ে যে পেট্রোল পোড়াবেন, এটাতে খরচ হবে না? এটা কিনতে তো ডলার লাগে, নিজের টাকা দিয়ে কেনা যায় না।’

দেশের মানুষের স্বার্থে রাজনৈতিক দলগুলোর আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন ডিএসসিসি প্রশাসক। তিনি বলেন, ‘বিরোধীদল খালি বক্তৃতা দেয়, পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য কোনো প্রোগ্রাম করেছে তারা? দেখছেন আপনারা? দেখেন নাই। আবর্জনা মুক্ত করার জন্য কোনো কর্মসূচি দিয়েছে? দেয় নাই। খালি এই হয়ে গেল, এই হলো না, এখনই দরকার, এটা কি হাওয়া থেকে আসবে?’

বিজ্ঞাপন

আরও পড়ুন

গ্যাস ও বিদ্যুতের বর্তমান সংকটের জন্য তিনি আগের সরকারকে দায়ী করেন। আব্দুস সালাম বলেন, ‘গ্যাস ও বিদ্যুতের সমস্যা বিগত সরকারের। ক্ষমতায় বসেই রাতারাতি সরকারের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। কারণ ঋণ মাথায় নিয়ে এই সরকার ক্ষমতায় বসেছে।’

বিজ্ঞাপন

তবে বর্তমান সরকারের নেওয়া আর্থিক উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, ‘তবে মাত্র ৬ মাসেই সরকার রেকর্ড পরিমাণ ঋণ পরিশোধ করেছে। এজন্য সরকারকে বিরোধী দলের ধন্যবাদ দেওয়ার প্রয়োজন।’

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD