Logo

আফতাবনগরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৩১
আফতাবনগরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
ছবি: সংগৃহীত

রাজধানীর বাড্ডা থানার আফতাবনগরে নির্মাণাধীন একটি ভবনে স্যানিটারি কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নিহাম (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক দুপুর ১টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহামের সহকর্মী আল-আমিন জানান, আফতাবনগরের একটি ভবনের অষ্টম তলায় স্যানিটারি কাজ করছিলেন নিহাম। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহামের গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার উত্তর নানুপুর মিয়াজী বাড়ি গ্রামে। তিনি চান মিয়া গাজীর ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে বাড্ডার আফতাবনগর এফ-ব্লকের পাসপোর্ট অফিস এলাকার একটি বাসায় থাকতেন। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন ছোট।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে নিহামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD