Logo

স্কুলশিক্ষার্থীদের বিনামূল্যে জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখার সুযোগ দিচ্ছে ডিএসসিসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ নভেম্বর, ২০২৬, ১৮:৪৯
স্কুলশিক্ষার্থীদের বিনামূল্যে জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখার সুযোগ দিচ্ছে ডিএসসিসি
ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার স্কুলশিক্ষার্থীদের বিনামূল্যে জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনের সুযোগ দিতে যৌথ উদ্যোগ নিয়েছে ডিএসসিসি ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এ কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা দেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি ও মুক্তিযুদ্ধ সম্পর্কে সরাসরি জানার সুযোগ পাবে।

বিজ্ঞাপন

এ লক্ষ্যে মঙ্গলবার (৩ নভেম্বর) নগর ভবনে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। এর আওতায় ডিএসসিসি এলাকার সরকারি ও বেসরকারি বিদ্যালয়ের তৃতীয় থেকে দশম শ্রেণি বা সমমানের শিক্ষার্থীরা বাংলাদেশ জাতীয় জাদুঘরসহ ঢাকার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থাপনা বিনামূল্যে ঘুরে দেখবে। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে প্রথম পরিদর্শন কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ‘এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের দেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার নতুন সুযোগ তৈরি হলো। আমরা চাই, ইতিহাস ও সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে নতুন প্রজন্ম দেশপ্রেমিক, মানবিক ও সংস্কৃতিমনস্ক নাগরিক হিসেবে গড়ে উঠুক।’

এ উদ্যোগে সাড়া দেওয়ায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ জাতীয় জাদুঘর, শিক্ষা মন্ত্রণালয়, প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানান তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম বলেন, ‘পাঠ্যপুস্তকের বাইরে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, নান্দনিকতা ও সাংস্কৃতিক মূল্যবোধ বিকাশের সুযোগ তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং পরবর্তী প্রজন্মের কাছে তা সঠিকভাবে পৌঁছে দেওয়া আমাদের সম্মিলিত দায়িত্ব।’

বিজ্ঞাপন

সমঝোতা স্মারক অনুযায়ী, শিক্ষার্থীদের যাতায়াত, পরিবহন ও খাবারের ব্যবস্থা করবে ডিএসসিসি। পাশাপাশি তাদের নিরাপত্তা এবং সার্বিক সমন্বয়ের দায়িত্বও পালন করবে সংস্থাটি।

অন্যদিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে গাইডেড ট্যুর, প্রদর্শনী পরিদর্শন, কুইজ, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতাসহ বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করবে।

শিক্ষার্থী নির্বাচনের ক্ষেত্রে অনগ্রসর পরিবারের সদস্য ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রাথমিকভাবে সমঝোতা স্মারকটি সইয়ের তারিখ থেকে এক বছর কার্যকর থাকবে। পরে পর্যালোচনার ভিত্তিতে এর মেয়াদ ও পরিধি বাড়ানো হতে পারে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাবসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD