পল্লবীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ: টিয়ার গ্যাস নিক্ষেপ, আটক ২

রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পল্লবীর কালশী রোডে পুলিশের ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে মিরপুর-১১ নম্বর এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন পোশাক শ্রমিকেরা। একপর্যায়ে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন পদক্ষেপ নেয়। এ সময় পল্লবীর কালশী রোডেও পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়।
বিজ্ঞাপন
এদিকে শ্রমিকদের আন্দোলন ও সংঘর্ষের কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন।
মঙ্গলবার সকালে এমআরটি পুলিশের কন্ট্রোল রুম বিষয়টি নিশ্চিত করে জানায়, সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সহিংস রূপ নেওয়ায় মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের সার্বিক নিরাপত্তার স্বার্থে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এমআরটি পুলিশ কন্ট্রোল রুম আরও জানায়, বর্তমানে মিরপুর-১১ নম্বর স্টেশনে কোনো ট্রেন থামছে না এবং যাত্রী ওঠানামাও বন্ধ রয়েছে। তবে মেট্রোরেলের অন্যান্য স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বিজ্ঞাপন
পরিস্থিতি স্বাভাবিক হলে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।








