মিরপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেলের স্টেশন

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন।
বিজ্ঞাপন
সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনের সড়কে জড়ো হয়ে বিক্ষোভ করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। একপর্যায়ে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ন্যূনতম মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিকদের এই কর্মসূচি টানা চতুর্থ দিনে গড়িয়েছে।
মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশন বন্ধ রাখার বিষয়টি মঙ্গলবার সকালে এমআরটি পুলিশের কন্ট্রোল রুম থেকে নিশ্চিত করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এমআরটি পুলিশ কন্ট্রোল রুম জানায়, সকাল থেকেই মিরপুর-১১ নম্বর সেকশনে পোশাক শ্রমিক ও পুলিশের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সহিংস রূপ নেওয়ায় মেট্রোরেলের যাত্রী ও স্টেশনের সার্বিক নিরাপত্তার স্বার্থে স্টেশনটির বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্তমানে মিরপুর-১১ নম্বর স্টেশনে কোনো ট্রেন থামছে না এবং যাত্রী ওঠানামাও করানো হচ্ছে না। তবে মেট্রোরেলের অন্য স্টেশনগুলোতে ট্রেন চলাচল আপাতত স্বাভাবিক রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে মিরপুর-১১ নম্বর স্টেশনটি পুনরায় চালু করা হবে বলে জানিয়েছে এমআরটি পুলিশ কন্ট্রোল রুম।








