Logo

‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৮ নভেম্বর, ২০২৬, ১৬:৫৪
‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি গহনা চুরি
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে একটি শপিংমলে অবস্থিত পূরবী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দোকানটি থেকে প্রায় ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ভরি সোনা, রুপা ও হীরার গহনা নিয়ে গেছে দুর্বৃত্তরা। একই সঙ্গে নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন দোকান মালিক।

বিজ্ঞাপন

দোকান কর্তৃপক্ষের দাবি, চুরির আগে মার্কেটের কয়েকজন নিরাপত্তাকর্মীকে মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু খাইয়ে অচেতন করা হয়েছিল। এ ঘটনায় নিরাপত্তাকর্মীদের একাংশের যোগসাজশ থাকতে পারে বলে সন্দেহ করছেন তারা।

শনিবার (২৮ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম চুরির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দোকান মালিকের প্রাথমিক হিসাব অনুযায়ী, চুরি হওয়া গহনার পরিমাণ ১ হাজার ৮০০ থেকে ২ হাজার ভরি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে তদন্ত চলছে। এ ঘটনায় শপিংমলের দুই নিরাপত্তাকর্মী পলাতক রয়েছেন। সন্দেহভাজন হিসেবে আরও চার নিরাপত্তাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ২টার দিকে ধানমন্ডি ৬/এ এলাকার ওই শপিংমলে চুরির ঘটনা ঘটে।

পূরবী জুয়েলার্সের মালিক অমিত ঘোষ জানান, চোরেরা দোকান থেকে প্রায় দুই হাজার ভরি সোনা, রুপা ও হীরার গহনা নিয়ে গেছে। এ ছাড়া নগদ ১০ থেকে ১২ লাখ টাকাও খোয়া গেছে।

দোকানটির জ্যেষ্ঠ বিক্রেতা সঞ্জীব শীল জানান, ঘটনার পর থেকে কয়েকজন নিরাপত্তাকর্মীর খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজদের মধ্যে একজন জুয়েলার্সের নিজস্ব নিরাপত্তাকর্মী এবং দুজন মার্কেটের নিরাপত্তাকর্মী।

তিনি আরও অভিযোগ করেন, দোকান ও মার্কেটের অন্য নিরাপত্তাকর্মীদের মোরগ পোলাওয়ের সঙ্গে কিছু খাইয়ে অচেতন করা হয়ে থাকতে পারে।

সঞ্জীব শীলের ভাষ্য অনুযায়ী, সিসিটিভি ক্যামেরার ফুটেজে তিন থেকে পাঁচজনকে দোকানে প্রবেশ করে চুরি করতে দেখা গেছে। এ ছাড়া ঘটনাস্থলে আরও দুজন অপরিচিত ব্যক্তির উপস্থিতি ছিল। ফুটেজে নিখোঁজ এক নিরাপত্তাকর্মীকে বাইরের লোকজনকে দোকানে প্রবেশে সহায়তা করতেও দেখা গেছে। দুর্বৃত্তদের একজন ভেতরে ঢুকে সিসিটিভি ক্যামেরার সংযোগের তার কেটে দেন।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহভাজন এক নিরাপত্তাকর্মীর পরিচয়পত্র উদ্ধার করে তদন্তকারী দলের কাছে জমা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় পুলিশ কাজ করছে। জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD