রাজধানীর চার এলাকায় ককটেল বিস্ফোরণ, আটক ১

রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, ওয়ারী ও কাফরুল থানা এলাকায় পৃথক চারটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হাতিরপুলে বিস্ফোরণের পর পালানোর সময় একজনকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ওয়ারী এলাকার আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে প্রথম ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বিস্ফোরণ ঘটানো ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ওয়ারী থানার পরিদর্শক (অপারেশন) মোস্তাফিজুর রহমান জানান, আবেদ আলী উচ্চ বিদ্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের পর জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করলে একজনকে আটক করে পুলিশ।
কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করে জানান, ইস্টার্ন প্লাজার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হননি। এ ঘটনায় একজনকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অন্যদিকে রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ গোলচত্বর এলাকায় শাহ আলী প্লাজার বিপরীত পাশে আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি। বিস্ফোরণের পর জড়িত ব্যক্তিকে ধাওয়া করা হলেও আটক করা সম্ভব হয়নি।
শুক্রবার রাত ১০টা ২৩ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
এ ছাড়া রাত ১০টা ৩৫ মিনিটের দিকে ধানমন্ডি ২৭ নম্বরে রাপা প্লাজার সামনে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, রাপা প্লাজার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।








