Logo

সয়াবিন তেলের দাম বাড়লেও রাজধানীর বাজারে সরবরাহ বাড়েনি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৬, ১২:০৭
সয়াবিন তেলের দাম বাড়লেও রাজধানীর বাজারে সরবরাহ বাড়েনি
ছবি: সংগৃহীত

লিটারপ্রতি সয়াবিন তেলের দাম তিন টাকা বাড়ানো হলেও রাজধানীর বাজারে সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়নি। মিরপুরসহ বিভিন্ন এলাকার অধিকাংশ দোকানে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। আবার কিছু দোকানে আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে অবশিষ্ট তেল। খুচরা বিক্রেতাদের আশা, আগামী দু-এক দিনের মধ্যে সরবরাহ বাড়তে পারে।

বিজ্ঞাপন

অন্যদিকে, বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় বেশ কিছু পণ্যের দাম কমেছে। মূলা ও শালগমের কেজি মিলছে ৫০ টাকায়। তবে নতুন আলু বাজারে উঠলেও দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। মান ও আকারভেদে প্রতি কেজি নতুন আলু বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়।

শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর মিরপুরের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মিরপুর ১১, ১ ও ১২ নম্বর এলাকার অনেক দোকানেই খোঁজ করে সয়াবিন তেল পাওয়া যাচ্ছে না। পল্লবীর মুসলিম বাজারের আরিফ ট্রেডার্সের বিক্রেতা সুজন বলেন, গতকাল (বৃহস্পতিবার) তেলের দাম বেড়েছে। এখনো কোম্পানির লোক আসেননি। শনিবার আসতে পারেন। এরপর অর্ডার নিলে রোববার থেকে তেল পাওয়া যেতে পারে।

মিরপুর ১২ নম্বর কাঁচাবাজারের ব্যবসায়ী দিহান আলমগীর জানান, কয়েক মাস ধরেই সয়াবিন তেলের সরবরাহ পর্যাপ্ত নয়। এ কারণে দোকানে তেল মজুত রাখাও কঠিন হয়ে পড়েছে। কখনো কোম্পানি পণ্য সরবরাহ করছে, আবার কখনো করছে না। তেল নিতে গেলে অনেক সময় অন্যান্য পণ্য কেনার শর্তও দেওয়া হয়। কোম্পানিগুলো সরবরাহ স্বাভাবিক করলে দোকানে তেল রাখা সম্ভব হবে।

আরেক বিক্রেতা শামীম বলেন, কিছু দোকানে এখনো আগের দামে সয়াবিন তেল বিক্রি হচ্ছে। প্রতি লিটার ২০৪ থেকে ২০৫ টাকা নেওয়া হচ্ছে। নতুন চালানের তেল এলে তা নতুন নির্ধারিত দামে বিক্রি করা হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সরকার সয়াবিন তেলের দাম লিটারপ্রতি তিন টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি, আমদানি ব্যয় এবং দেশের সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, বোতলজাত সয়াবিন তেলের প্রতি লিটার ২০৪ টাকা থেকে বাড়িয়ে ২০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে খোলা সয়াবিন তেলের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৮ টাকা করা হয়েছে।

সয়াবিন তেলের সংকটের বিপরীতে শীতকালীন সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। সরবরাহ বাড়ায় কয়েক ধরনের সবজির দাম কমেছে। বিশেষ করে বেগুন, শসা ও কাঁচামরিচের দাম আগের তুলনায় সহনীয় পর্যায়ে এসেছে। তবে সব ধরনের সবজির দাম এখনো কমেনি।

মিরপুরের বাজারগুলোতে প্রতি কেজি মূলা ও শালগম বিক্রি হচ্ছে ৫০ টাকায়। ফুলকপি পাওয়া যাচ্ছে ৫০ টাকা এবং বাঁধাকপি ৫০ থেকে ৬০ টাকায়। সবুজ গোল বেগুনের কেজি ৮০ টাকা, নীল গোল বেগুন ১০০ টাকা এবং শিম ১০০ থেকে ১২০ টাকা। শসার কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়।

এ ছাড়া দেশি টমেটো প্রতি কেজি ১৫০ টাকা, ভারতীয় টমেটো ১৮০ টাকা এবং কাঁচা টমেটো ৮০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি গাজরের দাম ১০০ টাকা এবং চায়না গাজরের দাম ১৪০ টাকা কেজি।

অন্যান্য সবজির মধ্যে করলা ১০০ টাকা, কাঁকরোল ১৬০ টাকা, ঢ্যাঁড়স ৮০ থেকে ১০০ টাকা, হাইব্রিড পটল ৭০ টাকা এবং দেশি পটল ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চিচিঙ্গা, ধুন্দল ও ঝিঙার দাম কেজিপ্রতি ৮০ টাকা। বরবটি ১০০ টাকা, কচুর লতি ৮০ টাকা এবং কচুরমুখী ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে প্রতি কেজি পেঁপে ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা এবং চালকুমড়া ৬০ টাকায় পাওয়া যাচ্ছে। আকার ও মানভেদে প্রতিটি লাউয়ের দাম ৬০ থেকে ৮০ টাকা।

মিরপুর ৬ নম্বর কাঁচাবাজারে সবজি কিনতে আসা শারমীন বলেন, শীতের সবজির দাম কিছুটা কমেছে। আগের তুলনায় স্বস্তিতে সবজি কেনা যাচ্ছে।

সবজির বাজারে কিছুটা স্বস্তি থাকলেও চালের বাজারে দাম খুব একটা কমেনি। বর্তমানে প্রতি কেজি মাঝারি চাল ৫৬ থেকে ৬৫ টাকা, সরু চাল ৭০ থেকে ৯০ টাকা এবং মোটা চাল ৫০ থেকে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে।

মাছ-মাংস কিনতেও বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। বাজারে প্রতি কেজি গরুর মাংস ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ব্রয়লার মুরগির কেজি ১৭০ থেকে ১৯০ টাকা।

সব মিলিয়ে শীতের সবজির দাম কিছুটা কমলেও সয়াবিন তেলের সরবরাহ সংকট এবং চাল, মাছ-মাংসের উচ্চমূল্য রাজধানীর সাধারণ ক্রেতাদের বাজার খরচে চাপ তৈরি করছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD