Logo

এবার পল্লবীতে পার্কিং করে রাখা বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৭ নভেম্বর, ২০২৬, ০১:৪৮
এবার পল্লবীতে পার্কিং করে রাখা বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের পল্লবীর কালশী রোডে বিহঙ্গ পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাসটির ভেতরের অধিকাংশ আসন ও জানালার কাচ পুড়ে গেছে। প্রাথমিকভাবে এ ঘটনায় প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটে পল্লবী থানাধীন সেকশন-১১-এর কালশী-পূরবী সড়কে উল্টা বাবার মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এর আগে পল্লবী থানাধীন সেকশন-১১-এর ব্লক-বি, লাইন-৭, বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন রাস্তার পাশে পার্কিং করে রাখা মধুমতি পরিবহনের একটি বাসে আগুন লাগে।

জানা গেছে , বিহঙ্গ পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১১-৭১৮৫) বাসটিতে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় লোকজন পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। তবে আগুনে বাসের ভেতরের অধিকাংশ আসন ও গ্লাস পুড়ে যায়।

ঘটনার পর পল্লবী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন।

তিনি বলেন, পল্লবী থানার কালশী রোডে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। বিস্তারিত পরে জানানো হবে।

এ বিষয়ে পল্লবী থানার এসআই সোহানুর রহমান বলেন, রাত ১১টা ৩৫ মিনিটের দিকে কালশী-পূরবী সড়কে উল্টা বাবার মাজার সংলগ্ন রাস্তার পাশে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী কর্তৃক পার্কিংরত বিহঙ্গ পরিবহন অগ্নিসংযোগ করে। পরবর্তীতে স্থানীয়রা পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলে।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে পল্লবী থানাধীন সেকশন-১১-এর ব্লক-বি, লাইন-৭, বিহারি মিল্লাত ক্যাম্পসংলগ্ন রাস্তার পাশে মধুমতি পরিবহনের বাসে আগুনের ঘটনা ঘটে।

মো. জালাল উদ্দিন বলেন, মধুমতি পরিবহনের বাসটিতে আগুন দেওয়া হয়েছে। বাসটি মালিকের বাসার সামনে পার্কিং করা ছিল। আগুনে বাসটি আংশিক পুড়ে যায়।

এ ছাড়া একই দিন রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর উত্তর বাড্ডায় আলিফ পরিবহনের একটি বাসে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD