গরুর নলি কিনে বাড়ি গিয়ে চক্ষু চড়কগাছ, চর্বি নিয়ে আদালতে নারী

পরিবারের জন্য গরুর নলি রান্নার শখ নিয়ে বাজার থেকে কিনেছিলেন এক কেজি নলি। কিন্তু বাড়িতে নিয়ে কাটতেই চমকে ওঠেন পুরান ঢাকার ওয়ারীর বাসিন্দা লাইলী বেগম। তাঁর অভিযোগ, নলির ভেতরে মাংসের বদলে ঠাসা হয়েছে অতিরিক্ত চর্বি। দোকানির কাছে প্রতিকার চাইতে গিয়ে উল্টো হুমকির মুখে পড়ার অভিযোগও করেছেন তিনি। শেষ পর্যন্ত কেনা মাংস ও নলির নমুনা হাতে ছুটে যান আদালতপাড়ায়।
বিজ্ঞাপন
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে স্থানীয় একটি মাংসের দোকান থেকে গরুর মাংস ও নলি কেনেন লাইলী বেগম। তাঁর দাবি, প্রতি কেজি গরুর মাংসের দাম দিয়েছেন ৮০০ টাকা। আর এক কেজি নলি কিনেছেন ৫৫০ টাকায়। কিন্তু বাসায় ফিরে নলি কাটার পর এর ভেতরে বিপুল পরিমাণ চর্বি দেখতে পান তিনি।
পরে কেনার এক থেকে দেড় ঘণ্টার মধ্যে দোকানির কাছে গিয়ে বিষয়টি জানান। পণ্য পরিবর্তন অথবা পুরো টাকা ফেরত চান। কিন্তু তাঁর অভিযোগ, দোকানি পুরো টাকা ফেরত দিতে রাজি হননি। বরং ৫৫০ টাকার পরিবর্তে ৩৫০ টাকা ফেরত দেওয়ার প্রস্তাব দেন।
বুধবার দুপুর ২টার পর ঢাকা আদালত চত্বরে হাতে সবুজ পলিথিন নিয়ে ঘুরতে দেখা যায় লাইলী বেগমকে। পলিথিনে রাখা ছিল কেনা মাংস ও নলির নমুনা। সেখানে উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষের সামনে নলির দুটি অংশ দেখিয়ে একটিকে আসল এবং অন্যটিকে নকল বলে দাবি করেন তিনি।
লাইলী বেগম বলেন, ‘একটা আসল চর্বি আর একটা নকল আছে। নলি এইটা আমার বাম হাতেরটা হচ্ছে আসলটা, আর এইটা হচ্ছে নকলটা। আমি ৮০০ টাকা কেজি গরুর মাংস নিয়ে এসেছিলাম। উনি আমাকে এক কেজির মতো নলির ভিতরে চর্বি দিয়ে ভরে রাখছে।’
তিনি আরও বলেন, ‘এক কেজি নলি নিয়েছিলাম ৫৫০ টাকা দিয়ে। ওটার ভেতরে চর্বি দিয়ে রাখছে। নলির ভেতরে মাংস যেটা নিয়েছিলাম, চর্বি দিয়ে ভরা। একদম চর্বি দিয়ে ভরা নলি নাই। এটা একদম নকল। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারব, উনারা এটা চর্বি দিয়ে রাখছে।’
দোকানির কাছে টাকা ফেরত চাওয়ার বিষয়ে তিনি জানান, ৩৫০ টাকা ফেরত দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে পুরো টাকা ফেরত অথবা নলি পরিবর্তনের দাবি জানান। এ সময় সাংবাদিক ও পুলিশের কাছে যাওয়ার কথা বললে দোকানির পক্ষ থেকে ‘আমাদের কিছু হবে না’ বলে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এ বিষয়ে অভিযুক্ত দোকানির বক্তব্য পাওয়া যায়নি।
আদালতপাড়ায় আসার উদ্দেশ্য সম্পর্কে লাইলী বেগম বলেন, শুধু নিজের টাকা ফেরত পাওয়াই তাঁর লক্ষ্য নয়। এ ধরনের প্রতারণা বন্ধ হওয়া প্রয়োজন। কারণ স্বল্প আয়ের মানুষ এভাবে প্রতারিত হলে তাদের পক্ষে ক্ষতি সামাল দেওয়া কঠিন।
তিনি বলেন, ‘আমি চাই এটা সবাই দেখুক, আমার এই ভিডিওটা সবাই জানুক। আমি যাতে এটার প্রমাণ পাইতে পারি এবং মানুষের একটা শিক্ষা হতে পারে।’
আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি অবশ্যই থানায় অভিযোগ করব। কারণ মানুষকে ঠকাবে কেন? আজকে টাকা-পয়সা আছে, মানে হাজবেন্ডের... আজকে খেতে পারতেছি, গরিব মানুষ তো খেতে পারবে না।’
এ বিষয়ে ঢাকা আদালতের আইনজীবী অ্যাডভোকেট আরিফুল ইসলাম জানান, প্রতারণার অর্থের পরিমাণ কম বা বেশি যা-ই হোক, তা আইনের চোখে অপরাধ। দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা ও ছলচাতুরির মাধ্যমে অর্থ বা সম্পত্তি হস্তান্তরে প্ররোচিত করার অপরাধে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। ভুক্তভোগী চাইলে সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার পাশাপাশি আদালতেও মামলা করতে পারেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত, লাইলী বেগম ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানায় অভিযোগ জানাতে গেছেন। তবে তাঁর অভিযোগ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।








