পল্লবীতে চলন্ত বাসে কেরোসিন ঢেলে আগুন, পুড়েছে ১০ সিট

রাজধানীর মিরপুরের পল্লবী থানাধীন কালশী এলাকায় যাত্রীবেশে একটি চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বাসের পেছনের আসনে বসে থাকা দুর্বৃত্তরা কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে জানালা দিয়ে নেমে পালিয়ে যায়। এতে বাসটির ১০টি সিট পুড়ে গেছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, দুর্বৃত্তরা যাত্রীবেশে বাসটিতে উঠেছিল। পরে তারা বাসের একেবারে পেছনের আসনে বসে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন দেওয়ার পর বাসের জানালা দিয়ে নেমে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ এসব বিষয় জানতে পেরেছে বলে জানান তিনি।
ওসি আরও বলেন, বাসে আগুন লাগার পরপরই চালক ও সহকারী সেখান থেকে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় বাসটির ১০টি আসন পুড়ে গেছে বলে জানা গেছে। তবে আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের পরিচয় বা আটকের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।








