এনআরবিসির ডিজিটাল দানবক্স সেবা চালু

দান, সদকা ও যাকাত প্রদানে নগদবিহীন লেনদেনকে সহজ ও নিরাপদ করতে ‘ডিজিটাল দানবক্স’ সেবা চালু করেছে এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডো। এই সেবার মাধ্যমে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও অন্যান্য দাতব্য সংস্থার অ্যাকাউন্টে যেকোনো পরিমাণ অর্থ অনলাইনে প্রদান করা যাবে, যা ব্যাংকের অ্যাপ বা অন্যান্য মোবাইল ব্যাংকিং অ্যাপে কিউআর কোডের মাধ্যমে সম্পন্ন হবে।
বিজ্ঞাপন
রবিবার (৮ মার্চ) অনুষ্ঠানে এই সেবা উদ্বোধন করেন এনআরবিসি আল-আমিন ইসলামিক ব্যাংকিং উইন্ডোর শরীয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. তৌহিদুল আলম খান, শরীয়াহ কমিটির সদস্য ড. মুহাম্মদ ওবায়দুল্লাহ ও হাফেজ মুফতি সাইফুল ইসলাম, উপব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল কাইয়ুম খান, ঋণ ব্যবস্থাপনা বিভাগের প্রধান তনুশ্রী মিত্র, প্রধান মানব সম্পদ কর্মকর্তা ফয়সল আহমেদ, প্রধান আর্থিক কর্মকর্তা রাশেদুল ইসলাম এবং আল-আমিন ইসলামিক উইন্ডোর প্রধান মো. আব্দুল গফুর সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা।
অনুষ্ঠানে জানানো হয়, সম্পূর্ণ শরীয়াহভিত্তিতে পরিচালিত আল আমিন ইসলামিক ব্যাংকিংয়ে এনআরবিসি ব্যাংকের বিভিন্ন শাখায় মসজিদ, মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট খোলা হয়।
বিজ্ঞাপন
প্রতিষ্ঠানের নামে খোলা অ্যাকাউন্ট নম্বর ব্যবহার করে কিউআর কোড সরবারহ করা হচ্ছে। ওই কিউআর কোড স্ক্যান করে যেকোন ব্যাংকের অ্যাপ ও মোবাইল ব্যাংকিং অ্যাপ থেকে টাকা পাঠানো যাবে। কিউআর কোডের মাধ্যমে পাঠানো টাকা সরাসরি সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে জমা হবে। এতে যাকাত, দান-সদকা করা অনেক সহজ ও নিরাপদ হবে।
অনুষ্ঠানে ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ডিজিটাল দান বক্সের মাধ্যমে জনসাধারন সহজ, নিরাপদ ও স্বচ্ছ উপায়ে দান-সদকা প্রদান করতে পারবেন। এ উদ্যোগ নগদবিহীন লেনদেন সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আর্থিক অন্তর্ভুক্তি ও সচেতনতা বৃদ্ধিতে সহায়ক হবে।
বিজ্ঞাপন








