প্রকৌশলীদের দক্ষতা বাড়াতে ই-লার্নিং প্ল্যাটফর্ম কাজ করবে

জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে প্রকৌশলীদের দক্ষতা বাড়াতে ই-লার্নিং কার্যকর ও সময়োপযোগী প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন মো. বেলাল হোসেন।
বিজ্ঞাপন
সোমবার (১১ মে) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সদর দপ্তরের সেমিনার কক্ষে আয়োজিত এক ইনসেপশন কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এলজিইডির অধীনে বাস্তবায়নাধীন ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রজেক্ট (ক্রিম্প) এর আওতায় ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক) এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার মূল বিষয় ছিল ই-লার্নিং কনটেন্ট ডেভেলপমেন্ট তৈরি।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ও ক্রিলিকের পরিচালক মো. আজহারুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে মো. বেলাল হোসেন বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর এবং জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণে দক্ষ মানবসম্পদ তৈরির বিকল্প নেই।
তিনি জানান, ই-লার্নিংয়ের মাধ্যমে কেন্দ্র থেকে প্রান্তিক পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সহজেই প্রশিক্ষণের আওতায় আনা সম্ভব হবে। একই সঙ্গে মানসম্মত ডিজিটাল কনটেন্ট তৈরির মাধ্যমে প্রকৌশলীদের দক্ষতা আরও উন্নত করা যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
কর্মশালায় অ্যাসাইনমেন্টের জন্য নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান অ্যাডি সফট লিমিটেড–এর কনটেন্ট ডেভেলপার মো. ইমরান হোসেন, মো. মিজানুর রহমান এবং এজিএম মো. শরিফুল ইসলাম পাওয়ার পয়েন্ট উপস্থাপনার মাধ্যমে ই-লার্নিং কনটেন্ট উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন।
এসময় এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল বাছেদ মোহাম্মদ রেজাউল বারী, সৈয়দা আসমা খাতুন, মোল্লা মিজানুর রহমান, কাজী সাইফুল কবীর, মো. ওয়াহিদুজ্জামান এবং মো. গোলাম মওলা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
এছাড়া তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আখতার হোসেন, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক, নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীরা কর্মশালায় অংশ নেন।
ক্রিম্প-ক্রিলিক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আব্দুল খালেক, ক্রিলিকের নির্বাহী প্রকৌশলী মো. লতিফ হোসেন, ফাতেমা ইসমত আরা, সহকারী প্রকৌশলী অর্পণ পাল এবং বিশেষজ্ঞ পরামর্শক মো. আব্দুল নূর, মো. শহিদুল ইসলাম, মো. সাদেকুর রহমান ভূইয়া, মো. মাসুদুর রহমান ও সৈয়দ মাহবুব আহসান উপস্থিত ছিলেন।








