Logo

আবু সাঈদ হত্যা মামলা: পঞ্চম দিনে শেষ হলো সাক্ষ্য-জেরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০:৫৫
আবু সাঈদ হত্যা মামলা: পঞ্চম দিনে শেষ হলো সাক্ষ্য-জেরা
ফাইল ছবি

জুলাইয়ের গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আবু সাঈদের হত্যাকাণ্ডে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলার পঞ্চম দিনের সাক্ষ্য-জেরা সমাপ্ত হয়েছে। এ মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য হাসিবুর রশীদসহ ৩০ জন আসামি রয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (১৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন হিসেবে ২১ সেপ্টেম্বর নির্ধারণ করেন। বেঞ্চের অপর সদস্যরা হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ ও জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

এদিন ট্রাইব্যুনালে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন তদন্ত সংস্থার লাইব্রেরিয়ান আনিসুর রহমান। তাকে জেরা করেন স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা। দিনের দীর্ঘ জেরা শেষে ট্রাইব্যুনাল নতুন দিন ধার্য করে। প্রসিকিউশনের পক্ষে অংশ নেন প্রসিকিউটর মিজানুল ইসলাম ও মঈনুল করিম।

বিজ্ঞাপন

এর আগে ৯ সেপ্টেম্বর আনিসুর রহমানের আংশিক সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হলেও তার জেরা হয়নি। সেদিন এসআই তরিকুল ইসলামও সাক্ষ্য দেন। এছাড়া রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের সহকারী অধ্যাপক ডা. রাজিবুল ইসলাম ও এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট একেএম মঈনুল হকও পূর্বে সাক্ষ্য দিয়েছেন।

গত ২৮ আগস্ট প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। এর মাধ্যমে মামলার সাক্ষ্যগ্রহণ প্রক্রিয়া শুরু হয়।

বিজ্ঞাপন

রবিবার সকালেও ছয় আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। তারা হলেন- এএসআই আমির হোসেন, সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী, রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ।

উল্লেখ্য, গত ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করে ট্রাইব্যুনাল। এ মামলায় মোট সাক্ষী থাকবেন ৬২ জন। বর্তমানে ২৪ আসামি পলাতক রয়েছেন, যাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা লড়ছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD