Logo

নাসার চেয়ারম্যান নজরুলের স্ত্রীর ৫ কোটির বেশি টাকার জমি জব্দ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:১৯
নাসার চেয়ারম্যান নজরুলের স্ত্রীর ৫ কোটির বেশি টাকার জমি জব্দ
ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় শিল্পগোষ্ঠী নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী ও এক্সিম ব্যাংকের পরিচালক নাসরিন ইসলামের নামে কুমিল্লায় থাকা বিপুল পরিমাণ জমি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

আদালতের আদেশ অনুযায়ী, নাসরিন ইসলামের নামে নিবন্ধিত মোট ৬০৪ দশমিক ৩৯ শতাংশ জমি জব্দ করা হয়েছে। এসব জমির বাজারমূল্য ধরা হয়েছে ৫ কোটি ২৯ লাখ ৪২ হাজার ১০৪ টাকা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশন (দুদক)–এর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালত সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম জমিগুলো ক্রোকের আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, নাসরিন ইসলাম ক্ষমতার অপব্যবহার করে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। অভিযোগ অনুযায়ী, তার নামে প্রায় ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকার অবৈধ সম্পদ থাকার প্রমাণ পাওয়া গেছে।

দুদক জানায়, তদন্ত চলাকালে পাওয়া তথ্যে দেখা গেছে—আসামি তার নামে থাকা স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন। মামলার নিষ্পত্তির আগে এসব সম্পত্তি হস্তান্তর বা বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

এ প্রেক্ষিতে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ১৪ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭-এর বিধি ১৮ অনুযায়ী অবৈধভাবে অর্জিত সম্পদ অবিলম্বে ক্রোক করা জরুরি বলে আদালতকে অবহিত করা হয়। আদালত দুদকের যুক্তি গ্রহণ করে জমিগুলো জব্দের আদেশ দেন।

দুদক কর্মকর্তারা জানান, মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব সম্পত্তি রাষ্ট্রের তত্ত্বাবধানে থাকবে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD