Logo

সপ্তমবারের মতো পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:৪২
সপ্তমবারের মতো পেছালো হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন সপ্তমবার মতো পেছানো হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রো (পূর্ব) অঞ্চলের সিআইডি পুলিশের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম-এর আদালত নতুন করে ১৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন।

বিজ্ঞাপন

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি ষষ্ঠবারের মতো তদন্ত প্রতিবেদন পেছানো হয়েছিল। ওই দিন একই আদালত থেকে ১৫ ফেব্রুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছিল। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

হাদি হত্যা মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে গত ৬ জানুয়ারি অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ। তবে, এ অভিযোগপত্র নিয়ে অসন্তোষ জানায় হাদির ইনকিলাব মঞ্চ।

বিজ্ঞাপন

গত ১২ জানুয়ারি মামলাটি শুনানির জন্য ধার্য ছিল। সেদিন অভিযোগপত্র পর্যালোচনার জন্য দুই দিন সময় চান মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। আদালত তা মঞ্জুর করে ১৫ জানুয়ারি অভিযোগপত্র গ্রহণের দিন ধার্য করেন।

পরে, ডিবি পুলিশের দেওয়া অভিযোগপত্র নিয়ে অসন্তোষ জানিয়ে নারাজি দাখিল করেন আবদুল্লাহ আল জাবের। এরপর আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।

হাদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর গণসংযোগের সময় বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। চলন্ত মোটরসাইকেলের পেছনে বসা আততায়ী তাকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলাকালীন ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

গুলিবিদ্ধ হওয়ার পর গত ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে মামলায় পরে হত্যা সংক্রান্ত ৩০২ ধারা যুক্ত করা হয়। থানা পুলিশের হাত ঘুরে মামলার তদন্তভার দেওয়া হয় ডিবি পুলিশকে।

তদন্ত শেষে সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পি, সাবেক ছাত্রলীগ কর্মী ফয়সাল করিম মাসুদসহ ১৭ জনকে আসামি করে গত ৬ জানুয়ারি অভিযোগপত্র দেয় গোয়েন্দা পুলিশ।

অভিযোগপত্রভুক্ত আসামিরা হলেন—প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ (৩৭), তার বাবা মো. হুমায়ুন কবির (৭০), মা হাসি বেগম (৬০), স্ত্রী সাহেদা পারভীন সামিয়া (২৪), শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু (২৭), বান্ধবী মারিয়া আক্তার লিমা (২১), মো. কবির (৩৩), মো. নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল (৩৪), ভারতে পালাতে সহায়তার অভিযোগ থাকা সিবিয়ন দিউ (৩২), সঞ্জয় চিসিম (২৩), মো. আমিনুল ইসলাম ওরফে রাজু (৩৭), হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলি উদ্ধারের ঘটনায় গ্রেফতার মো. ফয়সাল (২৫), মো. আলমগীর হোসেন ওরফে আলমগীর শেখ (২৬), সাবেক ওয়ার্ড কাউন্সিলর মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপ স্নাল (৩২), মুক্তি মাহমুদ (৫১) ও জেসমিন আক্তার (৪২)। তাদের মধ্যে ফয়সাল করিম মাসুদসহ শেষের পাঁচজন পলাতক রয়েছেন।

বিজ্ঞাপন

অভিযোগপত্রে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ উল্লেখ করেন, আসামিদের রাজনৈতিক পরিচয় ও বিভিন্ন সময়ে হাদির দেওয়া বক্তব্য বিশ্লেষণে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাকে গুলি করে হত্যা করা হয়।

এছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করা এবং ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করতেই ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে হাদির নির্বাচনী প্রচারে অনুপ্রবেশ করে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

স্থানীয় আইনজ্ঞ ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হত্যাকাণ্ডটি শুধু হাদির ব্যক্তিগত নয়, বরং নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করার চেষ্টার অংশ ছিল। ফলে মামলার তদন্ত ও দ্রুত বিচার দেশের জন্যও গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD