আচরণবিধি লঙ্ঘন: ২৫৯ মামলায় ৩২ লাখ টাকার বেশি জরিমানা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে প্রচার-প্রচারণা জোরদার হলেও অনেক ক্ষেত্রে নির্বাচনী আচরণবিধি মানা হচ্ছে না। গত এক মাসে সারাদেশে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ২৫৯টি মামলা দায়ের করেছে। এসব মামলায় মোট জরিমানা আদায় করা হয়েছে ৩২ লাখ ১৫ হাজার ৯৫০ টাকা।
বিজ্ঞাপন
সোমবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন্স) ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রীয় সমন্বয় কমিটির সদস্যসচিব মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ৮ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত মাসব্যাপী অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আচরণবিধি লঙ্ঘনের ৪৬১টি ঘটনা শনাক্ত করেন। এর মধ্যে ২৫৯টি ঘটনায় তাৎক্ষণিকভাবে মামলা করা হয়।
বিজ্ঞাপন
পরিসংখ্যান অনুযায়ী, এক দিনে সর্বোচ্চ সংখ্যক লঙ্ঘনের ঘটনা ঘটে ৩ ফেব্রুয়ারি। ওই দিন ৩৩টি ঘটনা চিহ্নিত হয় এবং ১৩টি মামলায় ২ লাখ ৫৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শেষ তিন দিনেও নজরদারি ছিল কঠোর। ৬ ফেব্রুয়ারি ২৮টি ঘটনায় ১২টি মামলা করে ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। ৭ ফেব্রুয়ারি একই সংখ্যক ঘটনায় ৮টি মামলায় ৪ লাখ ৪০ হাজার টাকা এবং ৮ ফেব্রুয়ারি ২২টি ঘটনায় ১০টি মামলায় ৮৭ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
আরও পড়ুন: পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
বিজ্ঞাপন
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের পরিবেশ নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের এই অভিযান অব্যাহত থাকবে। আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কোনো প্রার্থী বা দলের বিরুদ্ধে ছাড় দেওয়া হবে না।








