Logo

কেন্দ্রে মোবাইল নিতে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কোনো বাধা নেই

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৮:২০
কেন্দ্রে মোবাইল নিতে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কোনো বাধা নেই
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের মোবাইল ফোন বহনে কোনো বাধা নেই বলে স্পষ্ট করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি জানান, দায়িত্ব পালনের স্বার্থে সাংবাদিক ও পর্যবেক্ষকরা মোবাইল ফোন সঙ্গে নিয়ে কেন্দ্রে যেতে পারবেন।

বিজ্ঞাপন

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন প্রাঙ্গণে সাংবাদিকদের জন্য স্থাপিত বুথ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে কমিশনার মোবাইল ফোন বহনসংক্রান্ত বিভ্রান্তি দূর করার চেষ্টা করেন।

এর আগে রোববার (৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত একটি নির্দেশনা দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়। ওই নির্দেশনায় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন ব্যবহারের বিষয়ে কড়াকড়ির কথা উল্লেখ করা হয়েছিল।

বিজ্ঞাপন

নির্দেশনায় বলা হয়, ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা, সংশ্লিষ্ট পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুজন আনসার সদস্য ছাড়া অন্য কেউ ভোটকেন্দ্রের চারশ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

এতে আরও উল্লেখ করা হয়, ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে এই নির্দেশনা কার্যকর করার জন্য রিটার্নিং কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বিজ্ঞাপন

তবে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহর বক্তব্যে স্পষ্ট করা হয়েছে, এই নিষেধাজ্ঞা সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ফলে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে সংবাদ সংগ্রহ ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনায় তাঁদের মোবাইল ফোন বহনে কোনো প্রতিবন্ধকতা থাকবে না।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD