Logo

দেশজুড়ে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা করল ইসি, থাকবে যতদিন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১৯:৩৬
দেশজুড়ে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা করল ইসি, থাকবে যতদিন
ছবি: সংগৃহীত

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারা দেশে সভা ও মিছিলের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট গ্রহণের আগে ও পরে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো নির্বাচনি এলাকায় জনসভা কিংবা মিছিল আয়োজন করা যাবে না বলে জানিয়েছে সংস্থাটি।

বিজ্ঞাপন

সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রকাশিত এক তথ্য বিবরণীতে নির্বাচন কমিশন জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৮ ধারার বিধান অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আইনের ওই ধারায় বলা রয়েছে, ভোটগ্রহণ শুরুর ৪৮ ঘণ্টা আগে এবং ভোটগ্রহণ শেষ হওয়ার পরবর্তী ৪৮ ঘণ্টা পর্যন্ত নির্বাচনি এলাকায় এ ধরনের কর্মসূচি নিষিদ্ধ থাকবে।

বিজ্ঞাপন

নির্দেশনা অনুযায়ী, আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে ১৪ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশব্যাপী সভা ও মিছিলের ওপর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে রাজনৈতিক বা নির্বাচন সংশ্লিষ্ট কোনো জনসমাবেশ আয়োজন করা যাবে না।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টায় একযোগে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। নির্বাচন কমিশনের মতে, এই বিধিনিষেধের উদ্দেশ্য হলো ভোটের পরিবেশ নির্বিঘ্ন রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপদভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD