কারচুপির অভিযোগে জামায়াত-বিএনপির আরও ৫ প্রার্থী হাইকোর্টে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে কারচুপির অভিযোগ তুলে জামায়াতের চারজন ও বিএনপির একজন প্রার্থী হাইকোর্টে আবেদন করেছেন। তারা নিজ নিজ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে নির্বাচনী আবেদন দাখিল করেছেন।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেন–এর একক হাইকোর্ট বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
আবেদনকারীরা প্রার্থীরা হলেন—নারায়ণগঞ্জ-২ আসনে জামায়াত প্রার্থী মো. ইলিয়াছ মোল্লা, নারায়ণগঞ্জ-৩ আসনে ইকবাল হোসাইন ভূইয়া, লালমনিরহাট-২ আসনে মো. ফিরোজ হায়দার, লালমনিরহাট-১ আসনে আনোয়ারুল ইসলাম রাজু এবং ময়মনসিংহ-১ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বিজ্ঞাপন
এর আগে বিভিন্ন সময়ে, বিএনপির কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ, বিএনপির রংপুর-৬ আসনে মো.সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনে বিএনপির মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনে বিএনপির মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন, রাজশাহী-৪ আসেনর বিএনপি প্রার্থী ডি এম ডি জিয়াউর এবং পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিব, শেরপুর-১ আসনে বিএনপির সানসিলা জেবরিন, ঢাকা–৬ আসনে জামায়াতের মো. আবদুল মান্নান, ঢাকা–৭ আসনে জামায়াতের মো. এনায়াত উল্লা ও গাইবান্ধা-৪ আসনে জামায়াতের মো. আবদুর রহিম সরকার আবেদন করেন। আদালত সেইসব আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন। একইসঙ্গে ওইসব আসনের ব্যালট রিটার্নিং অফিসারদের থেকে নিয়ে নির্বাচন কমিশনকে সংরক্ষণ করতে বলেছেন।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়ম সংক্রান্ত আবেদন শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চ এসব নির্বাচনী আবেদন শুনানি করছেন।








