দুদকের মামলায় কাজী জাফর উল্যাহ গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহকে দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়ে কারাগারে পাঠান।
বিজ্ঞাপন
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
কাজী জাফর উল্যাহর বিরুদ্ধে দুদক (দুর্নীতি দমন কমিশন) গত বছরের ২ ফেব্রুয়ারি মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়েছে, তিনি বেনামি হিসাব খুলে ব্যাংকে মোট ৪ কোটি ১৪ লাখ টাকা জমা রেখেছেন।
বিজ্ঞাপন
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিচালক শারিকা ইসলাম ২২ ফেব্রুয়ারি গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আদালতে শুনানির দিন ঠিক করা হয় এবং আসামিকে হাজির করার পর আদালত গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেন।
আবেদনে বলা হয়েছে, কাজী জাফর উল্যাহ দি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের গুলশান শাখার কয়েকজন তৎকালীন কর্মকর্তার সঙ্গে যোগসাজশ করে ১০টি এফডিআর (ফিক্সড ডিপোজিট) হিসাব ভুয়া নাম ও জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে খোলেন। এর মাধ্যমে ৪ কোটি ১৪ লাখ টাকা জমা রাখেন।
পরবর্তীতে ওই হিসাব জালিয়াতির মাধ্যমে অতিরিক্ত ৪২ লাখ ৭ হাজার ৫০০ টাকা সুদ অর্জন এবং ভুয়া গ্রাহকের নামে নগদ উত্তোলনের মাধ্যমে অপরাধলব্ধ অর্থ গ্রহণ ও গোপন করার অভিযোগ আনা হয়েছে।
বিজ্ঞাপন
দুদক বলেছে, মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে কাজী জাফর উল্যাহকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। এ মামলায় তদন্ত চলমান এবং গ্রেপ্তার কার্যক্রমে আসামি আইন অনুযায়ী আদালতের হেফাজতে রয়েছে।








